শাহজালাল ফার্টিলাইজারের সাবেক হিসাব প্রধানের ২৫ কোটি টাকার সম্পদ জব্দ করল সিআইডি
শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের সাবেক হিসাব বিভাগের প্রধান খোন্দকার মুহাম্মদ ইকবাল ও তার স্ত্রীর নামে থাকা বিপুল সম্পদ জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জব্দকৃত সম্পদের বর্তমান বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শেষে ২০২৩ সালের ২৬ এপ্রিল মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সিআইডি বাদী হয়ে একটি মামলা দায়ের করে। ওই মামলার তদন্তের অংশ হিসেবেই আদালতের আদেশে এসব সম্পদ জব্দ করা হয়েছে।
জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে—২৩ দশমিক ৫ কাঠা জমি, ১১টি শেয়ার (মোট জমির পরিমাণ ৩৯২ দশমিক ৭৩২৩ অযুতাংশ), ১২টি ফ্ল্যাট এবং তিনটি ব্যাংক হিসাবে থাকা অর্থ। ফ্ল্যাটগুলোর দলিলমূল্য ৮ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ৫৯০ টাকা হলেও বর্তমান বাজারমূল্য আনুমানিক ২৫ কোটি টাকা। এছাড়া তিনটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩০ লাখ ৬৫ হাজার ৮৫২ টাকা জব্দ করা হয়েছে।
সিআইডির তদন্তে উঠে এসেছে, ২০০৫ সালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) আওতাধীন শাহজালাল সার কারখানায় সহকারী হিসাবরক্ষক হিসেবে যোগ দেন খোন্দকার মুহাম্মদ ইকবাল। পরবর্তীতে পদোন্নতি পেয়ে তিনি হিসাব বিভাগের প্রধান হন। প্রায় ১৪ বছরের চাকরি জীবনে তিনি ৯১টি গাড়ি, ঢাকায় একাধিক ফ্ল্যাট, দুটি ডিপার্টমেন্টাল স্টোরসহ ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিপুল সম্পদের মালিক হন। অর্থ আত্মসাতের অভিযোগে পাঁচ বছর আগে তাকে চাকরিচ্যুত করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভুয়া বিল ও রসিদের মাধ্যমে শাহজালাল ফার্টিলাইজার প্রকল্প থেকে ৩৮ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৮৫১ টাকা আত্মসাৎ করা হয়েছে। এসব ভুয়া কাগজপত্র ইকবালের স্ত্রী হালিমা আক্তারের নামে খোলা দুটি প্রতিষ্ঠান—টিআই ইন্টারন্যাশনাল ও নুসরাত ট্রেডার্সের নামে তৈরি করা হয়। নামসর্বস্ব এসব প্রতিষ্ঠানের মাধ্যমে জালিয়াতির প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থা।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথকভাবে ২৬টি মামলার তদন্ত করছে বলেও জানিয়েছে সিআইডি।
বর্তমানে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মামলাটির তদন্ত পরিচালনা করছে। অপরাধের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত এবং সম্পূর্ণ তথ্য উদঘাটনের লক্ষ্যে তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।