পুঁজিবাজারে ভালো কোম্পানি আসার সুযোগ বৃদ্ধি পেয়েছে: বিএসইসি চেয়ারম্যান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানিয়েছেন, পুঁজিবাজারে নতুন ও ভালো কোম্পানি তালিকাভুক্তির সম্ভাবনা অনেক বেড়েছে। তিনি বলেন, সম্প্রতি কার্যকর হওয়া আইপিও নিয়মাবলী (IPO Rules) যুগোপযোগী হওয়ায় এটি সম্ভব হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নবনির্বাচিত নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। বিএসইসি চেয়ারম্যান বলেন, বিএমবিএ’র সদস্য ইস্যু ম্যানেজাররা বাজারে ভালো কোম্পানি নিয়ে আসার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রক্রিয়ায় বিএসইসি সবসময় সহযোগিতামূলক মনোভাব রাখবে।

তিনি আরও বলেন, মার্চেন্ট ব্যাংকগুলোর সক্ষমতা, দক্ষতা ও নৈতিকতা বৃদ্ধি পেলে বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্ট সবাই পুঁজিবাজারের প্রতি আরও আকৃষ্ট হবেন। এছাড়া, বিএসইসি কমিশনার ফারজানা লালারুখ বলেন, প্রতিটি মার্চেন্ট ব্যাংক এবং তাদের সংস্থার ওয়েবসাইট বা ওয়েবপোর্টাল তথ্যবহুল হওয়া উচিত, যা বিনিয়োগকারী ও বাজার অংশগ্রহণকারীদের জন্য সহায়ক হবে।

সাক্ষাৎকালে পুঁজিবাজারের উন্নয়ন, ক্যাপিটাল ফরমেশন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট ও অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিএসইসি ও বিএমবিএ একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে। অনুষ্ঠানে উভয় সংস্থার শীর্ষ কর্মকর্তা ও নির্বাহীরা উপস্থিত ছিলেন।

আরো