ডিএসইতে বেগম খালেদা জিয়ার স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) ও ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৪টায় ডিএসইর মাল্টিপারপাস হলে আয়োজিত এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এসময় বিএসইসির কমিশনারবৃন্দ, ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, পরিচালকবৃন্দ ও ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান, ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, বিএপিএলসির প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডিএসইর প্রধান পরিচালক কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমানের সঞ্চালনায় আয়োজিত স্মরণসভায় ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়ার শাসনামলেই বাংলাদেশের বাজারভিত্তিক ও বেসরকারি খাতনির্ভর অর্থনৈতিক উন্নয়ন কাঠামোর ভিত্তি গড়ে ওঠে। ১৯৯১ সাল থেকে বেসরকারি খাতে যে সম্প্রসারণ শুরু হয়, তার সুফল আজ দেশের মানুষ ভোগ করছে। একই সঙ্গে পুঁজিবাজার ও আর্থিক খাতে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় তাঁর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, একজন রাষ্ট্রনায়কের প্রকৃত মূল্যায়ন তাঁর প্রয়াণের পরই স্পষ্ট হয়ে ওঠে, যা বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন দূরদর্শী ও দৃঢ়চেতা নেতা। তাঁর সরকারের সময় ১৯৯৩ সালে বিএসইসি গঠনের মাধ্যমে দেশের পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ় হয়। এছাড়া ১৯৯৪ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় কোম্পানিগুলোকে জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁর উপস্থিতি শিল্প ও কর্পোরেট খাতকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন মানবিক ও সহনশীল রাজনীতিবিদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও তিনি গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষায় অবিচল ছিলেন। ১৯৯১ সালে বিদেশি বিনিয়োগকারীদের জন্য পুঁজিবাজার উন্মুক্ত করার মাধ্যমে তিনি এ খাতে নতুন দিগন্তের সূচনা করেন।

ডিএসই পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের বিপুল অংশগ্রহণ প্রমাণ করে তিনি কত গভীরভাবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। ভিন্নমতের মানুষের কাছেও তিনি ছিলেন শ্রদ্ধার পাত্র।
বিএপিএলসির প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ বলেন, সময়ের পরিক্রমায় বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং দেশের সামাজিক ও রাজনৈতিক জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে যে ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ পেয়েছে, তা তাঁর জনপ্রিয়তারই প্রমাণ।

অনুষ্ঠানে মরহুমার ভাতিজা মো. শামস ইস্কান্দার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া চান।

[atn_photocard]
আরো