রমজান সামনে রেখে দ্রব্যমূল্য পর্যালোচনায় বৈঠক ১৯ জানুয়ারি

আসন্ন পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বাজার পরিস্থিতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম পর্যালোচনায় আগামী ১৯ জানুয়ারি একটি সভা আহ্বান করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রোববার সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রমজানে বাজার স্থিতিশীল রাখতে সব অংশীজনকে নিয়ে একটি পর্যালোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আগামী ১৯ জানুয়ারি আমরা সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যালোচনার জন্য বসবো। বৈঠকের পর সার্বিক বাজার পরিস্থিতি সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে।’

এ সম্পর্কিত আরো সংবাদ

ভারত-বাংলাদেশ সম্পর্কের বর্তমান টানাপোড়েন বাণিজ্যে কোনো প্রভাব ফেলতে পারে কি না— এমন প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, ‘এ মুহূর্তে আমরা কোনো নেতিবাচক প্রভাব লক্ষ্য করছি না। বাণিজ্য কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।’

বাণিজ্যে কোনো ধরনের চাপ অনুভূত হচ্ছে কি না— জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলেন, ‘না, আমরা কোনো চাপ অনুভব করছি না।’

সরকারের পক্ষ থেকে রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও ইঙ্গিত দেন বাণিজ্য উপদেষ্টা।

আরো