সেপ্টেম্বরে অরল্যান্ডোতে বসছে ফোবানার ৪০তম কনভেনশন

উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের বৃহত্তম সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৪০তম কনভেনশন আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের হলিডে ইন রিসোর্টে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কনভেনশনের তারিখ ও ভেন্যু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের কনভেনশনটি ফোবানার চার দশকের পথচলার মাইলফলক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে। উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের ঐক্য সুদৃঢ় করা, ভাষা-সংস্কৃতি সংরক্ষণ, নেতৃত্ব বিকাশ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি কমিউনিটির ভূমিকা জোরদার করতে ফোবানা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

৪০ বছর পূর্তি উপলক্ষে এবারের কনভেনশনে থাকছে বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন, বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে নানান সাংস্কৃতিক পরিবেশনা, কমিউনিটি নেতৃত্ব নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা, যুব ও নতুন প্রজন্মের নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম, ব্যবসা ও বিনিয়োগ বিষয়ক সেশন এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ।

এ ছাড়া নারী অংশগ্রহণ ও ক্ষমতায়নমূলক কার্যক্রম, বাংলাদেশি খাবার ও সংস্কৃতির প্রদর্শনীও কনভেনশনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে। আয়োজকদের মতে, এসব আয়োজনের মাধ্যমে বাংলাদেশি উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারে নিজেদের পরিচিত করার সুযোগ পাবেন, পেশাজীবী ও ব্যবসায়ীরা বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তুলতে পারবেন এবং শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো বাংলাদেশের ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরতে সক্ষম হবেন। তরুণ সমাজের জন্য এটি নেতৃত্ব বিকাশ ও আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরির একটি বড় প্ল্যাটফর্ম হয়ে উঠবে।

আয়োজকরা জানান, এবারের কনভেনশনে উত্তর আমেরিকার বিভিন্ন দেশ ছাড়াও বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্ত থেকে কমিউনিটি নেতা, পেশাজীবী, উদ্যোক্তা, সাংস্কৃতিক কর্মী এবং তরুণ নেতৃত্ব অংশ নেবেন। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশকে একটি সংস্কৃতিতে সমৃদ্ধ, ঐক্যবদ্ধ ও সম্ভাবনাময় বৈশ্বিক অংশীদার হিসেবে তুলে ধরার লক্ষ্য রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোবানা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবুল, নির্বাহী সম্পাদক নিহাল রহিম, হোস্ট কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ শামীম, ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান, আনোয়ার হোসেন সেন্টু, শামস আহমেদ শোভন, জেসন চৌধুরী, ফাইন্যান্স কমিটির কনভেনর মো. ইশাক আলী, ম্যানেজমেন্ট কমিটির কনভেনর হেলাল আহমেদ, কো-কনভেনর রেজাউল হক রেজাসহ আরও অনেকে।

আরো