ইন্টারন্যাশনাল প্লাস্টিক ফেয়ারে অত্যাধুনিক প্যাকেজিংয়ে নজর কাড়ল রিমার্ক
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে শুরু হওয়া চার দিনব্যাপী আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় অত্যাধুনিক প্যাকেজিং পণ্য প্রদর্শন করে ব্যাপক সাড়া ফেলেছে রিমার্ক এলএলসি ইউএসএ-এর অ্যাফিলিয়েট প্রতিষ্ঠান ‘রিমার্ক সুপার প্যাক’।
বিশ্বমানের আধুনিক প্রযুক্তিতে দেশেই তৈরি উন্নতমানের প্যাকেজিং ও মোল্ড প্রদর্শনের মাধ্যমে মেলার দর্শনার্থী ও উদ্যোক্তাদের দৃষ্টি কেড়েছে প্রতিষ্ঠানটি। মেলা শুরুর প্রথম দিকেই উল্লেখযোগ্য সংখ্যক প্যাকেজিং ও মোল্ডের অর্ডার নিশ্চিত করেছে রিমার্ক সুপার প্যাক।
মেলায় রিমার্কের প্যাভিলিয়ন ঘুরে দেখা ব্যবসায়ীরা জানান, দেশের ভেতরেই এ ধরনের আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্যাকেজিং উৎপাদন সম্ভব—এটি তাদের কাছে নতুন অভিজ্ঞতা। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী মোল্ড ডিজাইন ও উৎপাদনের সুবিধা থাকায় রিমার্ককে তারা শিল্পখাতের জন্য একটি বড় সম্ভাবনা হিসেবে দেখছেন।
রিমার্ক সুপার প্যাকের উপব্যবস্থাপনা পরিচালক সোহেল রানা বলেন, আন্তর্জাতিক মানের সর্বাধুনিক প্যাকেজিং প্রযুক্তি তুলে ধরতেই তারা এই মেলায় অংশ নিয়েছেন। তিনি বলেন, দেশি ও বিদেশি উদ্যোক্তাদের আগ্রহ তাদের ভবিষ্যৎ বিনিয়োগ ও সম্প্রসারণ পরিকল্পনায় আরও আশাবাদী করেছে।
প্যাকেজিং বিভাগের এডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর প্রকৌশলী সুমন সরকার বলেন, বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করে আধুনিক ডিজাইন ও নান্দনিক প্যাকেজিং উপস্থাপন করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে বড় শিল্পপ্রতিষ্ঠান—সবাই রিমার্কের পণ্য দেখে বিস্মিত হয়েছেন। ইতোমধ্যে কয়েক শত অর্ডার নিশ্চিত হয়েছে এবং এক হাজারের বেশি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে।
মোল্ড অ্যান্ড ডাই বিভাগের এডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আলি রেজা বলেন, প্রদর্শিত প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্য অনেক অংশগ্রহণকারীর প্রত্যাশার বাইরে ছিল। তিনি জানান, নিজস্ব চাহিদা অনুযায়ী মোল্ড ডিজাইন ও উৎপাদনের সুবিধা এখন বাংলাদেশেই পাওয়া যাচ্ছে—যা আগে বিদেশি মেলার ওপর নির্ভরশীল ছিল। মেলায় একাধিক প্রতিষ্ঠানের মোল্ড অর্ডার চূড়ান্ত হয়েছে বলেও জানান তিনি।
মেলায় আসা ক্ষুদ্র উদ্যোক্তা এরফানুল কবীর বলেন, তিনি এতদিন রিমার্কের কিছু প্যাকেজিং পণ্যকে আমদানিকৃত বলে মনে করতেন। দেশে বসেই এই মানের প্যাকেজিং উৎপাদন সম্ভব—এটি রপ্তানিমুখী ব্যবসার জন্য বড় সুযোগ তৈরি করবে বলে মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে বিপিজিএমইএ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কে এম ইকবাল হোসেন বলেন, রিমার্কের প্রদর্শিত প্রযুক্তি ও প্যাকেজিং সমাধান দেশের প্লাস্টিক ও কসমেটিকস খাতকে আরও এগিয়ে নেবে। তার মতে, আন্তর্জাতিক মানের প্যাকেজিং দেশেই পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।