ডিএসইর স্বতন্ত্র পরিচালক পদ ছাড়লেন মেজর জেনারেল কামরুজ্জামান

মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অব.) ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়েন।

তিনি ডিএসইর মনোনয়ন ও পারিশ্রমিক কমিটির (এনআরসি) সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

২০২৪ সালের ১ সেপ্টেম্বর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর মোহাম্মদ কামরুজ্জামানকে ডিএসই বোর্ডে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রায় এক বছর নয় মাস দায়িত্ব পালনের পর শনিবার (২৪ মে) তিনি পদত্যাগ করেন।

ফোনে যোগাযোগ করা হলে মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “হ্যাঁ, আমি ব্যক্তিগত কারণে স্বতন্ত্র পরিচালক পদ থেকে পদত্যাগ করেছি।”

ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এখন এ বিষয়ে ডিএসই বোর্ড সিদ্ধান্ত নেবে।”

তিনি আরও বলেন, “তিনি অন্য কোনো কোম্পানিতে যোগ দিতে পারেন, যে কারণে তিনি পদত্যাগ করেছেন।”

এর আগে ডিএসই বোর্ডের আরেক স্বতন্ত্র পরিচালক ও এনআরসি সদস্য শাহনাজ সুলতানাও পদত্যাগ করেন। ডিএসইর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, তিনি ২০২০ সাল থেকে ফিনস অ্যালায়েন্স রিস্ক অ্যাডভাইজরি অ্যান্ড কনসালটেন্সির সিইও ও চিফ কনসালটেন্ট এবং উই গ্লোবাল উইমেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরো