জার্মান অর্থায়নে উৎপাদন সম্প্রসারণ করবে নাভানা ফার্মা
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বৈদেশিক ঋণ সুবিধা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি জার্মানির ফ্রাঙ্কফুর্টভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান AKA Ausfuhrkredit-Gesellschaft mbH থেকে ১২ বছরের জন্য মোট ২ কোটি ৬৬ লাখ ১০ হাজার ইউরো ঋণ গ্রহণের পরিকল্পনা করেছে। এ অর্থায়ন ব্যবস্থার একমাত্র অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশের কেজিএমসি ফাইন্যান্সিয়াল সার্ভিস (KGMC Financial Service)।
ডিএসই সূত্র জানায়, প্রস্তাবিত ঋণের অর্থ নাভানা ফার্মার উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ প্রকল্পে বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে কোম্পানিটি উৎপাদন অবকাঠামো উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ বাস্তবায়ন করবে।
তবে এই অর্থায়ন কার্যকর হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন এবং প্রয়োজনীয় ডিউ ডিলিজেন্স প্রক্রিয়া সম্পন্ন হওয়া আবশ্যক। এসব শর্ত পূরণ সাপেক্ষে ঋণ চুক্তির কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে কোম্পানিটি।