সঞ্চয়পত্র বিক্রিতে অনীহা দেখালে ব্যবস্থা, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

সঞ্চয়পত্র বিক্রিতে গ্রাহকদের নিরুৎসাহিত করার অভিযোগের পর সব তফসিলি ব্যাংককে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। সঞ্চয়পত্র বিক্রি ও সংশ্লিষ্ট সেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (ডিএমডি) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। পরে সেটি দেশের তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে যে, সঞ্চয়পত্র বিক্রির অনুমোদিত প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও কিছু ব্যাংক বিভিন্ন উপায়ে গ্রাহকদের সঞ্চয়পত্রে বিনিয়োগে নিরুৎসাহিত করছে। এ পরিস্থিতিতে সঞ্চয়পত্র রুলস, ১৯৭৭-এর বিধান অনুসরণ করে ব্যাংকগুলোকে বিনিয়োগকারীদের কাছে সঞ্চয়পত্র বিক্রিতে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে সেবার মান নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

গ্রাহকদের অভিযোগ জানানোর প্রক্রিয়া শাখার দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে সেবা না পাওয়া বা হয়রানির শিকার হওয়া গ্রাহক সরাসরি অভিযোগ জানাতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সঞ্চয়পত্রে বিনিয়োগ নিয়ে গ্রাহকদের আগ্রহ থাকলেও কিছু ব্যাংকের অনীহার কারণে সেবা গ্রহণে জটিলতা তৈরি হচ্ছিল। এ কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের শাখাগুলোতে সঞ্চয়পত্র-সংক্রান্ত কার্যক্রম নিয়মিত তদারকি করতে হবে। পাশাপাশি গ্রাহকদের অভিযোগ গ্রহণের ব্যবস্থা শাখার দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং অভিযোগ পাওয়ার পর দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

ডিএমডির পরিচালক ইস্তেকমাল হোসেন স্বাক্ষরিত ওই নির্দেশনায় আরও বলা হয়েছে, সঞ্চয়পত্র বিক্রির ক্ষেত্রে অনুমোদিত ব্যাংকগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে গ্রাহক কোনো ধরনের হয়রানি বা অনাকাঙ্ক্ষিত বাধার সম্মুখীন না হন।কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের ফলে সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহী গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরো