গ্রাহকের দাবি পরিশোধে পপুলার লাইফের গড়িমসি
নিজস্ব প্রতিবেদক: বিমা পলিসির মেয়াদ শেষ হওয়ার পরও গ্রাহকের দাবি পরিশোধে দীর্ঘসূত্রতার অভিযোগ উঠেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে। অনেক গ্রাহক অভিযোগ করছেন, পলিসির মেয়াদ শেষ হওয়ার দুই-তিন বছর পরও তারা প্রাপ্য টাকা পাননি। ফলে কোম্পানিটির দাবি নিষ্পত্তির সক্ষমতা ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।
ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, স্থানীয় ও জোনাল অফিসে বারবার যোগাযোগ করেও তারা দাবির টাকা পাচ্ছেন না। অনেকে শেষ পর্যন্ত বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে অভিযোগ করেও কাঙ্ক্ষিত সমাধান পাননি।
বিমা আইন, ২০১০-এর ধারা ৭২ অনুযায়ী, পলিসি পরিপক্ক হওয়ার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে দাবি নিষ্পত্তির নির্দেশনা রয়েছে। তবে অভিযোগ রয়েছে, পপুলার লাইফের ক্ষেত্রে অনেক গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে তো নয়ই, বরং কয়েক বছর পরও তাদের টাকা পাচ্ছেন না।
একজন গ্রাহক জানান, ২০০৯ সালে পপুলার লাইফে ১০ বছর মেয়াদি পলিসি করেন তিনি। ২০১৯ সালে পলিসির মেয়াদ শেষ হলেও এখনো প্রাপ্য টাকা পাননি। টাকা চাইতে স্থানীয় অফিসে গেলে তাকে আরও সময় অপেক্ষা করতে বলা হয়।
আরেক গ্রাহক জানান, ২০১২ সালে করা ১০ বছর মেয়াদি পলিসির মেয়াদ ২০২২ সালে শেষ হয়েছে। এরপর প্রায় তিন বছর ধরে স্থানীয় অফিসে যোগাযোগ করেও তিনি বিমার টাকা পাননি।
তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে পপুলার লাইফের উত্থাপিত বিমা দাবির পরিমাণ ছিল ৮০ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে ৭৭ কোটি ২৪ লাখ টাকা নিষ্পত্তি করা হয়েছে। ফলে প্রান্তিক শেষে অনিষ্পন্ন দাবির পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ২৪ লাখ টাকা।
এদিকে, কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ ২০২৬ সময়ে পপুলার লাইফের প্রিমিয়াম আয় হয়েছে ৮৪ কোটি ৮৪ লাখ টাকা। একই সময়ে ব্যবস্থাপনা ব্যয় ছিল ৩৮ কোটি ৮১ লাখ টাকা। প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৯১৭ কোটি ১৬ লাখ টাকা। বিনিয়োগের পরিমাণ ছিল ১ হাজার ৫১৭ কোটি ৬ লাখ টাকা।
এছাড়া ক্লোজিং লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১ হাজার ৪৭৪ কোটি ৮০ লাখ টাকা।
খাতসংশ্লিষ্টদের মতে, আর্থিক সূচকে কোম্পানিটির অবস্থান সন্তোষজনক দেখালেও গ্রাহকদের দীর্ঘদিনের দাবি কেন অনিষ্পন্ন থাকছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে কোম্পানিটির প্রকৃত আর্থিক সক্ষমতা ও দাবি পরিশোধের সক্ষমতা যাচাইয়েরও তাগিদ দিয়েছেন তারা।
এ বিষয়ে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) বিএম ইউসুফ আলী বলেন, “আমরা বিমা দাবি পরিশোধের চেষ্টা করছি। খুব শিগগিরই বকেয়া দাবিগুলো নিষ্পত্তি হয়ে যাবে।”