ব্র্যাক ব্যাংকের গ্রিন বন্ড অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসি গ্রিন বন্ড ইস্যু করে এক হাজার কোটি টাকা সংগ্রহ করবে। এটি হবে একটি জিরো-কুপন বন্ড। অর্থাৎ এই বন্ডের সঙ্গে কোনো কুপন যুক্ত থাকবে না তথা সরাসরি কোনো সুদ দেওয়া হবে না। এটি ডিসকাউন্টে তথা অভিহিত মূল্যের চেয়ে কমে ইস্যু করা হবে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্র্যাক ব্যাংকের বন্ড ইস্যুর এই প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটির চেয়ারম্যান চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০৩১ তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত বন্ডের মেয়াদ হবে ৩ বছর। মেয়াদ শেষে এটি সম্পূর্ণভাবে অবসায়িত হবে। এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরযোগ্য নয়। এটি আনসিকিউরড বন্ড অর্থাৎ এর বিপরীতে কোনো জামানত থাকবে না। বন্ডটি সম্ভাব্য ডিসকাউন্টের হার ৮.৫০ শতাংশ।
বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, উচ্চ সম্পদশালী ব্যক্তি ও অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।
এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ ব্র্যাক ব্যাংক তার যোগ্য গ্রাহকদেরকে সাশ্রয়ী সুদে সবুজ অর্থায়ন করবে।
আলোচিত বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি। আর এর ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে আইডিএলসি ইনভেস্টমেন্ট পিএলসি।
বন্ডটি দেশের দুই স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত করা হবে।