অ্যাপ ছাড়াই উধাও ৩৫ লাখ: ২০ হাজার টাকা তুলতে গিয়ে জানলেন আইনজীবী!
কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, মুঠোফোন অ্যাপ কিংবা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেন না সিলেটের জ্যেষ্ঠ আইনজীবী ড. দিলীপ কুমার দাশ চৌধুরী। অথচ তাঁর অজান্তেই সোনালী ব্যাংকের হিসাব (অ্যাকাউন্ট) থেকে ইলেকট্রনিক ওয়ালেটের মাধ্যমে উধাও হয়ে গেছে সঞ্চয়ের প্রায় ৩৫ লাখ টাকা। ব্যাংকে মাত্র ২০ হাজার টাকা তুলতে গিয়ে নিজের সর্বস্বান্ত হওয়ার এই খবর জানতে পারেন তিনি।
সোনালী ব্যাংকের সিলেট কোর্ট বিল্ডিং শাখায় চাঞ্চল্যকর এই জালিয়াতির ঘটনা ঘটেছে। মাত্র সাত দিনের ব্যবধানে ৩৯ দফায় এই বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন ব্যাংকের হিসাবে স্থানান্তর করা হলেও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো সদুত্তর দিতে পারছে না ব্যাংক কর্তৃপক্ষ। এ ঘটনায় ভুক্তভোগী আইনজীবী সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
২০ হাজার টাকা তুলতে গিয়ে মাথায় হাত
ভুক্তভোগী ও ব্যাংক সূত্রে জানা যায়, আইনজীবী দিলীপ কুমার দাশ চৌধুরী দীর্ঘদিন ধরে সোনালী ব্যাংকের সিলেট কোর্ট বিল্ডিং শাখায় তাঁর সঞ্চয়ের টাকা জমা রাখছিলেন। গত ৯ নভেম্বর তিনি ওই শাখায় গিয়ে চেকের মাধ্যমে মাত্র ২০ হাজার টাকা তুলতে চান। তখন ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে তাঁকে জানানো হয়, তাঁর হিসাবে পর্যাপ্ত টাকা নেই।
সারা জীবনের সঞ্চয়ের টাকা উধাও হওয়ার খবরে তাৎক্ষণিকভাবে হতবাক হয়ে পড়েন ওই আইনজীবী। পরে তিনি ব্যাংকের ব্যবস্থাপকের কাছ থেকে নিজের হিসাব বিবরণী (স্টেটমেন্ট) সংগ্রহ করেন। ওই বিবরণী যাচাই করে দেখা যায়, গত ২ থেকে ৮ নভেম্বর পর্যন্ত মাত্র সাত দিনে তাঁর হিসাব থেকে ৩৯ দফায় প্রায় ৩৫ লাখ টাকা বিভিন্ন ব্যাংকের একাধিক হিসাবে স্থানান্তর করা হয়েছে।
অ্যাপ বা ডিভাইস ব্যবহার না করেও প্রতারণার শিকার
সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, টাকাগুলো সরানো হয়েছে ডিজিটাল বা ইলেকট্রনিক ওয়ালেটের মাধ্যমে। অথচ ভুক্তভোগী গ্রাহক কখনোই এমন কোনো সেবা চালু করেননি।
ক্ষোভ ও হতাশা প্রকাশ করে ড. দিলীপ কুমার দাশ চৌধুরী বলেন, ‘আমি কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করি না। অথচ আমাকে জানানো হলো, ওয়ালেটের মাধ্যমে আমার হিসাব থেকে প্রায় ৩৫ লাখ টাকা কে বা কারা নিয়ে গেছে। ব্যাংকের ব্যবস্থাপক আমাকে যে স্টেটমেন্ট দিয়েছেন, তাতে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা যাওয়ার তথ্য রয়েছে। আমার অজান্তে এবং কোনো ডিভাইস ব্যবহার না করার পরও কীভাবে ব্যাংক থেকে এত টাকা চলে গেল, তা আমার বোধগম্য নয়। পরে বাধ্য হয়ে আমি থানায় গিয়ে অভিযোগ করেছি।’
সদুত্তর নেই ব্যাংকের, তদন্তে পুলিশ
গ্রাহকের অজান্তে এবং তাঁর কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার না করা সত্ত্বেও কীভাবে ব্যাংকের সুরক্ষিত সার্ভার ভেদ করে ৩৯ দফায় এত বিপুল পরিমাণ অর্থ স্থানান্তর হলো, সে বিষয়ে স্পষ্ট কোনো জবাব নেই ব্যাংকসংশ্লিষ্টদের কাছে। এমনকি পরপর সাত দিন ধরে অস্বাভাবিক লেনদেন চললেও কেন ব্যাংকের শাখা বা প্রধান কার্যালয় থেকে তা তদারক করা হয়নি, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
জানতে চাইলে সোনালী ব্যাংকের সিলেট কোর্ট বিল্ডিং শাখার প্রধান (ব্যবস্থাপক) মো. ওয়ারিসুল ইসলাম বলেন, ‘গ্রাহক আমাদের কাছে এসে অভিযোগ করার পরপরই বিষয়টি আমরা প্রধান কার্যালয়ে পাঠিয়েছি। তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখছে। আমি বসে থাকিনি, তাৎক্ষণিকভাবে যা করণীয় করেছি। যেসব ব্যাংকের অ্যাকাউন্টে টাকাগুলো গেছে, সেগুলো অবরুদ্ধ (সিজ) করার জন্য আমি এখান থেকে ফোন করে করে ব্যবস্থা নিয়েছি।’
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ভুক্তভোগী গ্রাহকের লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। তাঁর হিসাব থেকে ঠিক কোন পদ্ধতিতে এবং কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো স্থানান্তরিত হয়েছে, তা শনাক্তের কাজ চলছে। এই জালিয়াতির সঙ্গে ব্যাংকটির অভ্যন্তরীণ কেউ বা বাইরের যে চক্রই জড়িত থাকুক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এদিকে রাষ্ট্রায়ত্ত সবচেয়ে বড় ব্যাংকের একটি শাখা থেকে গ্রাহকের অজান্তে এভাবে লাখ লাখ টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় সিলেটের আইনজীবী সমাজ ও সাধারণ ব্যাংক গ্রাহকদের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।