পোশাকশিল্পে অস্থিরতা, কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ সভাপতির

অর্থসংবাদ ডেস্ক১ নভেম্বর ২০২৬, ৭:২২ অপরাহ্ণব্লক
পোশাকশিল্পে চলমান বিশৃঙ্খলা ও কারখানা ভাঙচুর বন্ধ না হলে মালিকেরা আর কারখানা চালু রাখতে চাইবেন না বলে জানিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেছেন, কারখানা পরিচালনার উপযুক্ত পরিবেশ না থাকলে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয়।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, প্রতিটি সদস্যই প্রতিদিন কারখানা পরিচালনা করতে চান। কারণ, ব্যবসায়িক উদ্যোগ নেওয়া হয়েছে কারখানা চালু রাখার জন্যই। কিন্তু কারখানা পরিচালনার মতো পরিবেশ না থাকলে তা চালানো সম্ভব নয়। ন্যূনতম মজুরি বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি হয়েছে এবং এ বিষয়ে আগেই শ্রমিকদের জানানো হয়েছিল। এরপরও এই প্রক্রিয়াকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা ও কারখানা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে।

তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে উদ্যোক্তারা চরম উৎকণ্ঠায় রয়েছেন। অধিকাংশ শ্রমিক কাজ করতে চান এবং মালিকেরাও কারখানা চালু রাখতে আগ্রহী। কিন্তু গুটিকয়েক শ্রমিক নামধারী ব্যক্তি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

মাহমুদ হাসান খান বাবু বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে বিষয়টি চিহ্নিত করেছে। এ পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ভূমিকা নেবে এবং যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন, তাঁদের আইনের আওতায় আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘এই বিশৃঙ্খলা বন্ধ না হলে মালিকরা আর ফ্যাক্টরি চালাতে চান না—সেই বার্তা তারা দিয়ে গেছেন। সার্বিক বিষয়ে আমরা শিগগিরই সরকারের সঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

এদিকে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রোববার সকাল থেকেই রাজধানীর মিরপুর, গাজীপুর ও সাভারে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুরে মিরপুরে সাউন্ড গ্রেনেড ও বাঁশি ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। এর আগে সংঘর্ষের একপর্যায়ে মিরপুর-১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম জানান, জনভোগান্তি এড়াতে সড়ক পরিষ্কার করা হয়েছে। এ সময় কোনো লাঠিচার্জ বা কাউকে আটক করা হয়নি। পোশাকশ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে কোনো সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী চক্র আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে শ্রমিকদের আন্দোলনের মুখে রোববার সচিবালয়ে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

প্রজ্ঞাপন অনুযায়ী, মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আকতারকে নিয়োগ দেওয়া হয়েছে। নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলে উদ্দিন আহমদকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

[atn_photocard]
আরো