বাজার বুঝে গ্র্যাজুয়েট হওয়ার পরামর্শ দিলেন সালমান এফ রহমান
বাংলাদেশে বেকার নেই দাবি করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ক্যারিয়ার প্লানিং ছাড়া যারা গ্র্যাজুয়েট হয়, তারাই শুধু বেকার থাকে। তাই গ্র্যাজুয়েট হওয়ার আগে বাজার বুঝতে হবে।
রোববার (৫ মে) রাজধানীর একটি হোটেলে ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর স্মার্ট বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সালমান এফ রহমান বলেন, পোশাক খাতের মতো ম্যানুফ্যাকচারিংয়ে আমাদের দক্ষ শ্রমিকের অভাব আছে। কৃষিতে হার্ভেস্টিংয়ে এখন লোক পাই না। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) কোনো ছাত্র বেকার থাকে না।
আইসিটিতে যারা প্রশিক্ষিত তারাও বেকার নয় উল্লেখ করে তিনি বলেন, ক্যারিয়ার প্লানিং ছাড়া যারা গ্র্যাজুয়েট তারাই শুধু বেকার থাকে। তাই গ্র্যাজুয়েট হওয়ার আগে বাজার বুঝে গ্র্যাজুয়েট হতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সমালোচনা করে তিনি বলেন, যারা ট্যাক্স দেয় এনবিআর তাদের উপর আরও ট্যাক্সের বোঝা চাপায়। কিন্তু যারা ট্যাক্স দিচ্ছে না তাদের ট্যাক্স নেটের আওতায় আনার কোনো উদ্যোগ নিচ্ছে না। এখান থেকে বের হতে না পারলে কাক্সিক্ষত রাজস্ব আদায় করতেই পারবে না। বরং রাজস্ব কমবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, সংসদ সদস্য ফেরদৌস আহমেদ প্রমুখ।