শেয়ারবাজারে লেনদেন কমলেও বেড়েছে মূলধন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। তবে সপ্তাহ শেষে সব সূচকে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। পাশাপাশি সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ২৪২ কোটি টাকা। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৫৭১ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৯৩ হাজার ৩২৯ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে দশমিক ৩২ শতাংশ বা ২ হাজার ২৪২ কোটি টাকা।

গত সপ্তাহের তুলনায় ডিএসইর সব সূচক বেড়েছে। চলতি সপ্তাহে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৮ দশমিক ৭৫ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ৫ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ। তবে ডিএসইএস সূচক বেড়েছে ১২ দশমিক ১৩ পয়েন্ট বা দশমিক ৯৭ শতাংশ।

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস

দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকার্স

সূচকের উত্থানের পরও ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৪৫২ কোটি ৩৪ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ২২১ কোটি ৪৫ লাখ টাকা। লেনদেন কমেছে ৭৬৯ কোটি ১১ লাখ টাকা।

এদিকে প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৪ দশমিক ৮৪ শতাংশ বা ৩১ কোটি ২১ লাখ টাকা। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৬১৩ কোটি ৮ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৬৪৪ কোটি ২৯ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪২টি কোম্পানির, কমেছে ২১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের দাম।

[atn_photocard]
আরো