‘কেরানিগঞ্জে তিতাসের অভিযান: সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়’

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে চলমান নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৮ জানুয়ারী, ২০২৫ বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ এর নেতৃত্বে তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসির আওতাধীন মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-২ এর সার্বিক সহযোগিতায় কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর বেগুনপট্টি এলাকার ফোর ব্রাদার্স ওয়াশিং কারখানা, গ্রীন ল্যান্ড ওয়াশিং কারখানা ও আল্লাহর দান ওয়াশিং কারখানার মোট ১৮টি ড্রায়ার ও ৩টি বয়লারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে লাইন কিলিং ও ক্যাপিং করা হয়েছে। এতে প্রতিদিন প্রায় ৪,৫৮৪ সিএফটি গ্যাস সাশ্রয় হবে। এ সময় ২৫০ ফুট ৩/৪ ইঞ্চি পাইপ, ২৬০ ফুট ২ ইঞ্চি পাইপ, ৩টি কম্প্রেসার, ৫০০ ফুট হোস পাইপ, ৩ সেট ড্রায়ার বার্নার ও ৮টি বল ভাল্ব জব্দ করা হয়েছে ।

এ সম্পর্কিত আরো সংবাদ

এসময়, অবৈধভাবে তিনটি ডাবল চুলায় গ্যাস ব্যবহার করায় একজন আবাসিক ব্যবহারকারীকে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং উক্ত বাড়ির রাইজার গোড়া হতে ক্যাপিং করা হয়েছে। এছাড়াও অবৈধ গ্যাস সংযোগসমূহের সোর্স লাইন এর ২ ইঞ্চির ৩ ফিট এবং ১ ইঞ্চির ২০ ফিট পাইপ অপসারণ করে কিলিং ও ক্যাপিং করা হয়েছে। অপর দিকে গদারবাগ, কেরানীগঞ্জ এলাকায় বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ব্যাতিরেকে ও বিনা লাইসেন্সে ফিলিং স্টেশন পরিচালনার অপরাধে আরটি ফিলিং স্টেশন নামীয় কথিত প্রতিষ্ঠানের একজনকে এক্সপ্লোসিভ অ্যাক্ট, ১৮৮৪ এর ধারা ৫(৩)(ক) এর অধীনে প্রাকৃতিক গ্যাস (সিএনজি) বিধিমালা, ২০০৫ এর বিধি ১০৪ এর আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছেন।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ২৮ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৭২টি শিল্প, ৯৬টি বাণিজ্যিক ও ২০,৮১২টি আবাসিকসহ মোট ২১,০৮০টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪৮,৬০৩টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অভিযানসমূহে ১০৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে ।

আরো