‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক অভিযান, জরিমানা আদায়’
তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১৪ মে (বুধবার) ২০২৫ জনাব হাসিবুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জোবিঅ-এনায়েতনগর-কাশিপুরের আওতাধীন পশ্চিম দেওভোগ, ফতুল্লা,নারায়ণগঞ্জ এবং শাসনগাও, চাঁদনী হাউজিং, নারায়ণগঞ্জ এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ২টি স্পটের ১ম স্পটে আয়মান হোসিয়ারি এন্ড কালার নামে ০১ টি ডাইং ফ্যাক্টরির অবৈধ গ্যাস সংযোগ পরিলক্ষিত হয়। তাৎক্ষনিকভাবে ডাইং ফ্যাক্টরির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে উৎস পয়েন্ট হতে কিল করা হয়েছে। এ সময় মালিক পক্ষকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও উক্ত স্পটে একাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অপর স্পটে মেসার্স এম আর ইয়ার্ণ ডাইং এ অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে তাৎক্ষনিকভাবে সংযোগটি বিচ্ছিন্ন করে কিল করা হয়েছে। উক্ত মালিকপক্ষকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া চাঁদনী হাউজিং এলাকায় ৬০০-৭০০ বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং প্রায় ৭০০ ফিট অবৈধ বিতরণ লাইন অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। এ ছাড়াও, আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ -নারায়ণগঞ্জ -এর আওতাধীন বিশেষ টীম কর্তৃক অভিযান পরিচালনাকালে জোবিঅ-সোনারগাঁও এর আওতাধীন মেসার্স সেবা সিএনজি এন্ড ফিলিং স্টেশন -এর আঙ্গিনায় বিদ্যমান মিটারে অবৈধ হস্তক্ষেপ এর কারণে সংযোগটি তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।
একই দিনে, জনাব রাশেদ খান, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নেতৃত্বে জোবিঅ-মেঘনাঘাটের আওতাধীন প্রতাপেরচর ও ঝাউচর, সোনারগাঁও এলাকার ২টি অবৈধ চুন কারখানার লাইন উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের ৭০ফুট লাইন পাইপ ও ৪৫০ ফুট হোস পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। কারখানাগুলোর মালিকগণকে স্পটে না পাওয়ার কারণে জেল/জরিমানা করা সম্ভব হয়নি। তবে চুন কারখানা ১টির জমির মালিক/ভাট্টির মালিকের নামে সোনারগাঁও থানায় একটি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। উল্লেখ্য, উক্ত অভিযানে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের বিপরীতে ১০,০০০ ঘনফুট/ঘন্টা গ্যাস সাশ্রয় হয়েছে এতে দৈনিক ১,৬৩,১০৪/- টাকার গ্যাস সাশ্রয় সম্ভব হবে।
এছাড়া, জোবিঅ- জামালপুর -এর বিশেষ অভিযানে অবৈধ/অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহার করায় ০২টি আবাসিকের ০৫টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।