পুঁজিবাজারে বিনিয়োগে বিশেষ তহবিলের নীতিমালা শিথিল চায় ব্যাংকগুলো

পুঁজিবাজারে তারল্য সরবরাহ বাড়াতে ২০২০ সালের ফেব্রুয়ারিতে দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য ২০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করে সরকার। নীতিমালা অনুযায়ী, এ তহবিলের টাকা নির্দিষ্ট শর্ত মেনে পুঁজিবাজারে বিনিয়োগ করা হয়। তবে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত পুঁজিবাজার-সংক্রান্ত এক বৈঠকে ব্যাংকগুলো এই তহবিলের বিনিয়োগ নীতিমালা শিথিল করার প্রস্তাব দিয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণকারীরা বিশেষ তহবিলের মেয়াদ বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ নীতিমালা শিথিল করার বিষয় আলোচনা করেছেন। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

বৈঠকে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম জানান, গত সোমবার অর্থ মন্ত্রণালয়ে পুঁজিবাজার নিয়ে একটি বৈঠক হয়েছিল, যেখানে কমিশনের প্রতিনিধি হিসেবে বিএসইসি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বৈঠকে বিশেষ তহবিলের মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পেশ করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস

দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকার্স

বর্তমানে বিশেষ তহবিলের বিনিয়োগ নীতিমালা অনুযায়ী, মেয়াদি মিউচুয়াল ফান্ডের মোট ইউনিটের সর্বোচ্চ ১০ শতাংশ এবং বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ ১৫ শতাংশ বিনিয়োগ করা যাবে। এছাড়া বিনিয়োগযোগ্য ফান্ডের মধ্যে থাকতে হবে এমন যে মেয়াদি মিউচুয়াল ফান্ড তিন বছর ধরে টানা ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিচ্ছে, এবং বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) অবমূল্যায়িত নয়, সাথে গত তিন বছর ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

বৈঠকে এসব শর্ত শিথিল করার প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ তহবিলের বিনিয়োগ নীতিমালা শিথিল করে বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করার মাধ্যমে পুঁজিবাজার ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকে উৎসাহিত করার চেষ্টা করা হবে। এছাড়া বৈঠকে দেশের ভালো মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা, বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো এবং মিউচুয়াল ফান্ডের উন্নয়ন ও বিকাশে উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা জানান, বিশেষ তহবিলের মেয়াদ বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ নীতিমালা শিথিল করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি। ব্যাংকগুলোর কাছ থেকে লিখিত প্রস্তাব চাওয়া হয়েছে। প্রস্তাব পাওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব, সোনালী ব্যাংক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), ব্যাংক এশিয়া এবং ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ্‌-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, মার্কেন্টাইল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, প্রাইম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

[atn_photocard]
আরো