বার্জার পেইন্টসের রাইট শেয়ারের আবেদন শুরু কাল
নিজস্ব প্রতিবেদক পুঁজিবাজারের বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের রাইট শেয়ারের আবেদন গ্রহণ শুরু হচ্ছে আগামীকাল, ১৫ জুলাই (মঙ্গলবার)। আবেদন নেওয়া চলবে ৩ আগস্ট (রবিবার) পর্যন্ত।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ জুলাই। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৯৫৬তম সভায় কোম্পানিটির রাইট ইস্যু অনুমোদন দেওয়া হয়।
বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার (১:১ অনুপাতে) ইস্যু করবে বার্জার। প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্য হলেও বিনিয়োগকারীদের তা কিনতে হবে ১ হাজার ১১০ টাকায় (প্রিমিয়ামসহ)।
প্রাথমিকভাবে উদ্যোক্তা, পরিচালক ও বড় শেয়ারধারীরা রাইট শেয়ার না নেওয়ায় ইস্যুর মোট আকার দাঁড়িয়েছে ৩০২ কোটি ৮২ লাখ টাকা। এই অর্থ দিয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বার্জার পেইন্টসের তৃতীয় কারখানা স্থাপন করা হবে এবং রাইট ইস্যুজনিত ব্যয় মেটানো হবে।
আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড রাইট ইস্যুর ব্যবস্থাপনার দায়িত্বে আছে।