সোনালী ব্যাংকের বৃত্তি পেল ৮৫০ মেধাবী শিক্ষার্থী
কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের আওতায় দেশের ৮৫০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে সোনালী ব্যাংক পিএলসি। ‘শিক্ষাবৃত্তি ২০২৩’ কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, রাজধানীর প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে ঢাকা জেলার ৬০ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো. শওকত আলী খান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও ব্যাংকের পরিচালক ড. মোহাম্মদ আবু ইউছুফ, ব্যাংকের পরিচালক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জনাব মো. মোফাজ্জল হোসেন এবং জনাব তারিকুল ইসলাম চৌধুরী।
ব্যাংকের এমডি ও সিইও তাঁর স্বাগত বক্তব্যে জানান, শুধুমাত্র ঢাকাতেই নয়, জেলা পর্যায়েও পর্যায়ক্রমে শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে একত্রে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানের পরিকল্পনার কথাও তিনি জানান।
প্রধান অতিথি মোহাম্মদ মুসলিম চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “সঠিকভাবে শিক্ষা অর্জন করে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।”
অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।