ডিএসই ও বিএপিএলসি’র মধ্যে ঐতিহাসিক বৈঠক

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিক লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে ডিএসই’র পরিচালনা পর্ষদের নেতৃত্ব দেন চেয়ারম্যান মমিনুল ইসলাম, আর বিএপিএলসি’র পক্ষ থেকে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট রূপালি হক চৌধুরী।

সভা শুরুর বক্তব্যে ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম বৈঠকটিকে “ঐতিহাসিক” আখ্যা দিয়ে বলেন, “প্রথমবারের মতো তালিকাভুক্ত কোম্পানিগুলোর বৃহৎ সংগঠন বিএপিএলসি’র সাথে ডিএসই’র পরিচালনা পর্ষদের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।”
তিনি বলেন, দেশের পুঁজিবাজার এখনও কাঙ্ক্ষিত মাত্রায় উন্নত হয়নি। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবহেলার কারণে বাজার সংকুচিত হয়েছে। তবে সাম্প্রতিক বাজেটে কিছু ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে, যা বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হবে।

ডিএসই চেয়ারম্যান জানান, আইপিও প্রক্রিয়া সহজীকরণ ও তালিকাভুক্ত কোম্পানিগুলোর কমপ্লায়েন্স সমস্যাগুলোর বিষয়ে রেগুলেটরদের দৃষ্টি আকর্ষণ করছে ডিএসই।

বিএপিএলসি’র প্রেসিডেন্ট রূপালি হক চৌধুরী বলেন, “তালিকাভুক্ত কোম্পানির স্বার্থরক্ষা ও পুঁজিবাজারে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ডিএসই’র সঙ্গে সমন্বিত প্রচেষ্টা বাজারকে আরও গতিশীল করবে।”

তিনি ছোট ও নতুন ব্যবসায়িক আইডিয়াভিত্তিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার ওপর গুরুত্বারোপ করেন এবং কমপ্লায়েন্স প্রক্রিয়া সহজ করার প্রস্তাব দেন।

আলোচনা সভায় উঠে আসে নানা প্রস্তাব

সভায় বিএপিএলসি প্রতিনিধিরা দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও আধুনিকায়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন:

লিস্টিং প্রক্রিয়ার স্বচ্ছতা ও গতি নিশ্চিতকরণ

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস

দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকার্স

আইপিও প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা দূরীকরণ ও যথাযথ মূল্যায়ন

গ্রীন চ্যানেল চালু

ইউনিফাইড ডিজিটাল রিপোর্টিং সিস্টেম

তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির কর বৈষম্য নিরসন

রেগুলেটরি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়

বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর মনিটরিং

চূড়ান্ত বক্তব্যে ডিএসই চেয়ারম্যান জানান, “ভালো উদ্যোক্তারা যদি সঠিক প্রাইসিং পান, তারা অবশ্যই পুঁজিবাজারে আসবেন। আন্ডাররাইটারদের মাধ্যমে চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করা সম্ভব।” তিনি বলেন, গ্রীন চ্যানেল ও ডিজিটাল প্রক্রিয়া চালু করে আইপিও অনুমোদন দ্রুত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সভায় উভয় পক্ষ সম্মত হন যে, সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী, স্বচ্ছ ও টেকসই পুঁজিবাজার গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ডিএসই’র পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান, সৈয়দ হাম্মাদুল করীম, মোহাম্মদ শাহজাহান, মিনহাজ মান্নান ইমন, রিচার্ড ডি রোজারিও এবং প্রধান পরিচালন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস।

[atn_photocard]
আরো