পোস্ট-আইপিও কমপ্লায়েন্স বিনিয়োগকারীদের আস্থা ও বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করে: ডিএসই পরিচালক
পোস্ট-আইপিও কমপ্লায়েন্সকে শুধু আনুষ্ঠানিকতা হিসেবে দেখলে চলবে না; এটি একটি চলমান ও ধারাবাহিক প্রক্রিয়া, যার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা তৈরি ও সুদৃঢ় হয়—এমন মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি’র পরিচালক মোঃ সাজেদুল ইসলাম।
ডিএসই ট্রেনিং একাডেমি আয়োজিত তিন দিনব্যাপী (৪–১২ জানুয়ারি ২০২৬) “Continuing Listing Requirements Post IPO” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, একটি সফল আইপিও মানেই কাজের শেষ নয়; বরং আইপিও-পরবর্তী সময়েই একটি কোম্পানির প্রকৃত পরীক্ষা শুরু হয়। এ সময় স্বচ্ছতা, নিয়মিত তথ্য প্রকাশ ও কমপ্লায়েন্স নিশ্চিত করার ক্ষেত্রে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর পরিচালক মোঃ আবুল কালাম এবং ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান।
তিন দিনব্যাপী প্রশিক্ষণে কর্পোরেট গভর্নেন্স কোড ২০১৮, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯, বিএসইসি (রাইটস ইস্যু) রুলস ২০০৬, রিভ্যালুয়েশন গাইডলাইনস, ফিনান্সিয়াল রিপোর্টিং সিস্টেম এবং লিস্টিং রিকয়ারমেন্টস ও এনফোর্সমেন্টস বিষয়ে আলোচনা করেন বিএসইসি’র পরিচালক মোঃ আবুল কালাম, একনাবিন চার্টার্ড অ্যাকান্ট্যান্টসের পরিচালক মাহমুদুর রহমান, এফসিএ এবং ডিএসই’র লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার স্নেহাশীষ চক্রবর্তী।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ সাজেদুল ইসলাম প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।