বীমা খাতে আস্থার সংকট ও লুটপাট দূর করতে হবে: তিতুমীর

দেশের বীমা খাতে আস্থার সংকট, সুশাসনের অভাব এবং ডিজিটালাইজেশনের ঘাটতির কারণে খাতটি কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, বীমা খাতে আস্থার সংকট দূর করে লুটপাট বন্ধ করতে হবে।

শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরের হোটেল একাত্তরে ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) আয়োজিত ‘বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বীমা খাতের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. তিতুমীর বলেন, গত ১৭ বছরে ব্যাংক, পুঁজিবাজার ও বীমাসহ গোটা আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রতি মানুষের আস্থা কমে গেছে। সরকার অতিরিক্ত নিয়ন্ত্রণে বিশ্বাস করে না, তবে গ্রাহকের অধিকার ও ন্যায্যতা নিশ্চিত করতে একটি শক্তিশালী ও জবাবদিহিমূলক নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলা হবে।

তিনি বীমা খাতের উন্নয়নে পাঁচটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। এগুলো হলো— লুটপাট ও মালিকানাকেন্দ্রিক অনিয়ম বন্ধ, পণ্যের বৈচিত্র্য এবং কৃষি ও স্বাস্থ্যবীমার সম্প্রসারণ, গ্রাহক অধিকার নিশ্চিত করতে পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা এবং বাজারভিত্তিক নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করা।

তিনি বলেন, দুর্যোগপ্রবণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে কৃষি বীমার প্রসার খুবই সীমিত। একই সঙ্গে স্বাস্থ্যবীমাকে উচ্চবিত্ত বা নির্দিষ্ট পেশাজীবীদের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

প্রযুক্তির যথাযথ ব্যবহার না হওয়ায় বীমা খাতে অপচয় ও অনিয়ম বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রাহকসেবা নিশ্চিত করতে হবে।

ড. তিতুমীর বলেন, বীমা খাতের বড় দুটি সমস্যা হলো সম্পদের ঘাটতি এবং বিনিয়োগ বিভাগের দুর্বলতা। বিশেষ করে জীবন বীমা খাতে ন্যায্যতা ও গ্রাহকের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। সেমিনার থেকে পাওয়া যৌক্তিক সুপারিশগুলো সরকারের নীতিনির্ধারণে বিবেচনা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

আইআরএফ সভাপতি গোলাম মওলার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহিদ।

মনির হোসেন। এছাড়া বক্তব্য দেন জেনিথ ইসলামী ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাণিজ্য প্রতিদিনের সম্পাদক ও আইআরএফের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।

বক্তারা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বীমা খাতের আধুনিকায়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং গ্রাহকবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আরো