অনুমোদনহীন ঋণ অ্যাপের পেমেন্ট বন্ধে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

অনুমোদন ছাড়া অনলাইন ঋণ কার্যক্রম পরিচালনাকারী মোবাইল অ্যাপগুলোর পেমেন্ট সেবা বন্ধে ব্যবস্থা নিতে ব্যাংক, এমএফএস, পিএসপি ও নগদকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব অ্যাপের বিরুদ্ধে উচ্চ সুদে ঋণ দেওয়া, গ্রাহকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং ব্ল্যাকমেইল ও হয়রানির অভিযোগ রয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট থেকে এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র বাণিজ্য প্রতিদিনকে জানিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, কিছু মোবাইল অ্যাপ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই ঋণ কার্যক্রম পরিচালনা করছে। এসব অ্যাপ ব্যবহারকারীর মুঠোফোনের কনট্যাক্ট নম্বর, ছবি, ভিডিও, এসএমএসসহ ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করতে পারে। ঋণ পরিশোধে অস্বীকৃতি জানালে এসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০২৪-এর ১৫(২) ধারা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া অনলাইন বা অফলাইন প্ল্যাটফর্মে ঋণ প্রদান বা আর্থিক লেনদেন করা নিষিদ্ধ। এ ধরনের কার্যক্রমকে আইনের ৩৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

চিঠিতে আইনের ১৮(৪) ধারা উল্লেখ করে চিহ্নিত অ্যাপগুলোর নিয়ন্ত্রণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেমেন্ট সেবা অবিলম্বে স্থগিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নেওয়া ব্যবস্থা বাংলাদেশ ব্যাংককে জানাতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘দেশ ও মানুষের প্রতারিত হওয়ার কথা চিন্তা করে বাংলাদেশ ব্যাংক এসব প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ঋণ দেওয়া হয় না উল্লেখ করে তিনি মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান।

[atn_photocard]
আরো