ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদে আইডিআরএ’র পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মনিরা বেগমকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) আইডিআরএ’র উপ-পরিচালক (নন-লাইফ) মো. সোলায়মানের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বীমা আইন ২০১০-এর ৫১(গ) ধারা অনুযায়ী মনিরা বেগমকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

আইডিআরএ’র নির্দেশনা অনুযায়ী, মনিরা বেগম কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় উপস্থিত থাকবেন এবং সভায় নেয়া সিদ্ধান্তগুলো কর্তৃপক্ষকে জানাবেন। তবে সভায় ভোট দেয়া এবং কোনো সিদ্ধান্ত বা মতামত দেয়া থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

এ ছাড়া মনিরা বেগমকে সভার কার্যপত্রসহ পরিচালনা পর্ষদের সভায় নিয়মিত আমন্ত্রণ জানাতে কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা বা কোম্পানি সচিবকে নির্দেশ দিয়েছে আইডিআরএ।

উল্লেখ্য, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের পরিচালনা পর্ষদে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও সুশাসন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ খোকন এবং তার পরিবারের সদস্যসহ ৫ জন পরিচালক পরপর তিনটি পর্ষদ সভায় অনুমোদন ছাড়াই অনুপস্থিত ছিলেন। কোম্পানি আইন অনুযায়ী অনুমোদন ছাড়া ৩টি সভায় অনুপস্থিত থাকলে পরিচালকের পদ শূন্য হয়।

এছাড়া বিনা কারণে উদ্যোক্তা পরিচালকদের বাদ দিয়ে নিজ পরিবারের সদস্যদের পর্ষদে যুক্ত করা এবং বিদেশে অবস্থান করে বেআইনিভাবে কোম্পানি পরিচালনার গুরুতর অভিযোগ ওঠে চেয়ারম্যানের বিরুদ্ধে।

এসব আর্থিক অনিয়ম ও করপোরেট সুশাসন লঙ্ঘনের প্রতিকার চেয়ে গত ৩০ জুন কোম্পানির ৫ জন উদ্যোক্তা পরিচালক আইডিআরএ’র কাছে অভিযোগ জানান এবং হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে গত ৯ জুলাই হাইকোর্ট ২৬ অক্টোবরের ২০২৬ তারিখের মধ্যে এসব অভিযোগ নিষ্পত্তি করে প্রতিবেদন জমা দিতে আইডিআরএ’কে নির্দেশ দেন।

দীর্ঘদিনের এসব অনিয়মের অভিযোগ এবং উচ্চ আদালতের বেঁধে দেয়া সময়সীমা (২৬ অক্টোবর) শেষ হওয়ার দুদিনের মাথায় (২৮ অক্টোবর) বীমা কোম্পানিটির পর্ষদে এই পর্যবেক্ষক নিয়োগের পদক্ষেপ নিলো আইডিআরএ।

[atn_photocard]
আরো