মেরিন কার্গো বীমা বিক্রি করতে পারবে না গ্রীন ডেল্টা: আইডিআরএ’র নির্দেশ
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মেরিন (কার্গো) বীমা বিক্রিতে স্থগিতাদেশ জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। মেরিন ট্যারিফ রেট লঙ্ঘনের দায়ে আগামী ৩ মাসের জন্য এই নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানটির মেরিন (কার্গো) উপশ্রেণির নিবন্ধন কেন স্থগিত করা হবে না- তা জানতে চেয়ে আগামী ৩০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আইডিআরএ’র রেটিং শাখার এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কর্তৃপক্ষের পরিচালক (রেটিং, অডিট ও জরিপ) মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত চিঠিটি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তার বরাবর পাঠানো হয়। একইসঙ্গে চিঠির অনুলিপি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সাধারণ বীমা করপোরেশনসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, কর্তৃপক্ষের একটি পরিদর্শন দল গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে সরেজমিন পরিদর্শনকালে দেখতে পায়, বীমা পলিসি ইস্যুর ক্ষেত্রে প্রতিষ্ঠানটি নির্ধারিত মেরিন ট্যারিফ (কার্গো) রেট উল্লেখযোগ্য হারে কমিয়ে বিভিন্ন রেটে প্রিমিয়াম অবদমন করেছে। নিয়ন্ত্রক সংস্থার মতে, এ ধরনের কর্মকাণ্ড ‘বীমা আইন ২০১০’-এর ৬০ নম্বর ধারা এবং আইডিআরএ’র জারিকৃত সার্কুলার নং নন-লাইফ ৮৩/২০২১ -এর সুস্পষ্ট লঙ্ঘন।
আইন ও নীতিমালা লঙ্ঘনের দায়ে বীমা আইন ২০১০ এর ধারা ১০(২) মোতাবেক তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির মেরিন (কার্গো) উপশ্রেণির সব ধরনের বীমা ব্যবসা ৩ মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে। পাশাপাশি ধারা ১০(১) অনুযায়ী তাদের এই উপশ্রেণির নিবন্ধন কেন চূড়ান্তভাবে স্থগিত করা হবে না, তার লিখিত ব্যাখ্যা আগামী ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষের কাছে দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।