বীমা খাতের টেকসই উন্নয়ন নিয়ে ১৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলটেবিল আলোচনা
দেশের বীমা খাতকে আরও শক্তিশালী ও টেকসই করার উপায় নিয়ে আগামী ১৪ নভেম্বর (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করছে।
‘টুয়ার্ডস আ স্ট্রংগার অ্যান্ড সাসটেইনেবল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি: দ্য ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক আলোচনা সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ ভবনের অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে।
রোববার (৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ।
এতে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন সংসদ সদস্য ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করবেন বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।
গোলটেবিল আলোচনায় শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, গবেষক, নীতিনির্ধারক, ব্যাংকার ও ব্যবসায়ীরা আলোচক হিসেবে অংশ নেবেন।