বেসরকারি ব্যাংকে বিপিসির আটকে ৪ হাজার ৮১৩ কোটি টাকা, তদন্ত কমিটি গঠন
অনিয়ম ও আর্থিক সংকটে থাকা বিভিন্ন বেসরকারি ব্যাংকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও এর অধীনস্থ বিভিন্ন কোম্পানির ৪ হাজার ৮১৩ কোটি ৩২ লাখ টাকা আটকে রয়েছে। এসব অর্থ ফেরত আনার উদ্যোগের পাশাপাশি কোন প্রক্রিয়ায় এবং কার স্বার্থে এসব ব্যাংকে বিপুল অঙ্কের আমানত রাখা হয়েছিল, তা খতিয়ে দেখতে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিপিসি।
গত ৩ নভেম্বর বিপিসির সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও অনুসন্ধান শেষে বিপিসি চেয়ারম্যানের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিপিসির পরিচালক (অর্থ) নাজনীন পারভীনকে প্রধান করে গঠিত কমিটির সদস্য সচিব করা হয়েছে সংস্থার ব্যবস্থাপক (হিসাব) মো. আল-আমীনকে। অস্বচ্ছ প্রক্রিয়ায় আমানত রাখা এবং এর পেছনে কোনো অনিয়ম হয়েছে কি না, তা উদ্ঘাটন করাই কমিটির মূল লক্ষ্য।
বিপিসি সূত্রে জানা গেছে, তদন্তে শুধু আটকে থাকা অর্থের পরিমাণ যাচাই নয়, এসব আমানত রাখার ক্ষেত্রে কোনো অনৈতিক লেনদেন হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হবে। অতিরিক্ত সুদের প্রলোভন দেখিয়ে কমিশন বাণিজ্য, ঘুষ কিংবা ব্যক্তিগত সুবিধা নেওয়ার উদ্দেশ্যে সংকটাপন্ন ব্যাংকগুলোতে সরকারি অর্থ জমা রাখা হয়েছিল কি না, তা অনুসন্ধান করবে কমিটি। এ ক্ষেত্রে দায়ীদেরও চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে দুর্বল ব্যাংকগুলোতে ফিক্সড ডিপোজিট রিসিটের (এফডিআর) মাধ্যমে আটকে থাকা বিপুল অঙ্কের অর্থ কীভাবে নিরাপদে ফেরত আনা যায়, সে বিষয়ে বাস্তবসম্মত কৌশল ও সুপারিশ দেবে তদন্ত কমিটি।
পাশাপাশি ভবিষ্যতে বিপিসি ও এর অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্ভরযোগ্য ব্যাংকে আমানত রাখার বিষয়ে প্রয়োজনীয় নীতিগত দিকনির্দেশনাও দেবে কমিটি।