এলআর গ্লোবালের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত বহাল রাখল বিএসইসি
সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘন করে মিউচুয়াল ফান্ডের অর্থ কোয়েস্ট বিডিসি লিমিটেডে বিনিয়োগের ঘটনায় ছয়টি ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবালের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে বিএসইসি। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রতিষ্ঠানটির করা রিভিউ আবেদন নামঞ্জুর করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ১ হাজার ৪০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান মাসুদ খান।
বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন ও বিধিবিধান লঙ্ঘন করে মিউচুয়াল ফান্ডের অর্থ কোয়েস্ট বিডিসি লিমিটেডে বিনিয়োগের কারণে ইউনিটহোল্ডাররা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। এ ঘটনায় জনস্বার্থে কমিশন ১ হাজার ১৮তম কমিশন সভায় ছয়টি মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয়।
ফান্ডগুলো হলো: এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড।
সম্পদ ব্যবস্থাপক হিসেবে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এলআর গ্লোবাল কমিশনের কাছে রিভিউ আবেদন করে। তবে মঙ্গলবারের কমিশন সভায় প্রতিষ্ঠানটির সেই আবেদন নামঞ্জুর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।