কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের সাঁড়াশি অভিযান
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকালে গুলশান সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজ নিজে উপস্থিত থেকে অভিযান তদারকি করেন এবং জনসচেতনতামূলক কার্যক্রম চালান। অভিযানে গুলশান থেকে কড়াইল বস্তিতে অবৈধভাবে টানা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় ৭০০ ফুট প্লাস্টিক পাইপ অপসারণ করা হয়।
এর আগে গত ৯ অক্টোবর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিমন সরকারের নেতৃত্বে গুলশান সংলগ্ন এলাকায় অভিযানে Gulsan Lake View নামের একটি হোটেলে মিটারবিহীনভাবে গ্যাস ব্যবহার করার দায়ে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “গুলশান এলাকা থেকে কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বারবার বিচ্ছিন্ন করা হলেও দুষ্কৃতকারীরা পুনরায় সংযোগ নেয়। গুলশান সোসাইটির সহযোগিতায় এ অভিযান আরও কার্যকর হবে।”
অভিযানে তিতাস গ্যাসের কর্মকর্তা, পেট্রোবাংলার প্রতিনিধি, গুলশান সোসাইটির নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তিতাস গ্যাসের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ২১ অক্টোবর পর্যন্ত সময়ে পরিচালিত অভিযানে মোট ৭১,৭৫০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে ৩৭৮টি শিল্প, ৫১৭টি বাণিজ্যিক ও ৭০,৮৫৫টি আবাসিক সংযোগ। এছাড়া ১,৫২,৫১৯টি বার্নার ও ২৯১.৩ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।