ক্যাশলেস বাংলাদেশ: চট্টগ্রামে ইসলামী ব্যাংকের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, সেমিনার ও স্টল প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনায় “ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ ক্যাম্পেইন” উপলক্ষে চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য র্যালি, সেমিনার ও স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর ২০২৫) দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচির উদ্দেশ্য ছিল দেশে ক্যাশলেস লেনদেনের প্রসার ও গ্রাহক সচেতনতা বৃদ্ধি।
র্যালিটি আগ্রাবাদ মোড় থেকে শুরু হয়ে বাদামতলী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল আগ্রাবাদে এসে শেষ হয়। পরে হোটেল আগ্রাবাদে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আক্তার কান্তা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন,
ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন,
প্রধান রাজস্ব কর্মকর্তা (উপসচিব) এস এম সরওয়ার কামাল,
এবং চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদি উর রহিম জাদিদ।
অনুষ্ঠানে গভর্নরের স্বাগত বক্তব্য সংবলিত ভিডিও প্রদর্শন এবং “ক্যাশলেস বাংলাদেশ” উদ্যোগ সম্পর্কিত উপস্থাপনা করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. পারওয়েজ আনজাম মুনির।
এছাড়া গ্রাহক প্রতিনিধি হিসেবে অভিজ্ঞতা শেয়ার করেন জিএস অ্যাডের স্বত্বাধিকারী মুহাম্মদ গিয়াস উদ্দিন ও বারাকা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ।
সেমিনারে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিসহ শিক্ষক, শিক্ষার্থী, মার্চেন্ট ও সাধারণ গ্রাহক উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে অতিথিরা চট্টগ্রামের ১৮টি স্থানে বাংলা-কিউ-আর সেবার আওতাধীন ব্যাংকসমূহের স্টল পরিদর্শন করেন।
প্রধান অতিথি আরিফ হোসেন খান বলেন,
> “বাংলাদেশে নগদ টাকার ব্যবস্থাপনায় বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়। ডিজিটাল লেনদেনের মাধ্যমে এই বিপুল অর্থ সাশ্রয় সম্ভব। নগদ অর্থে লেনদেনের ঝুঁকি কমিয়ে নিরাপদ ও দ্রুত সেবা নিশ্চিত করতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।”