তিতাস গ্যাসের ৪৪তম এজিএমে ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
পেট্রোবাংলার সহযোগী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ২০২৪-২৫ অর্থবছরের ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে হাইব্রিড পদ্ধতিতে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রতিটি শেয়ারের বিপরীতে ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। একই সঙ্গে সরকারের ইকুইটির বিপরীতে প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্তও অনুমোদিত হয়েছে।
এর আগে একই দিনে কোম্পানির ৫ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়। উভয় সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব ও তিতাস গ্যাস বোর্ডের চেয়ারম্যান মোঃ সাইফুল্লাহ পান্না।
সভায় তিতাস গ্যাসের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, পেট্রোবাংলা ও তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সম্মানিত শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন। সভায় কোম্পানির আর্থিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংশ্লিষ্ট প্রস্তাবসমূহ উপস্থাপন ও আলোচনা করা হয়।