ড্যাফোডিল কম্পিউটার্সের ঋণের বিপরীতে শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল
শেয়ারবাজারে তালিকাভুক্ত ড্যাফোডিল কম্পিউটার্সের পরিচালনা পর্ষদ গত বছর ঋণের বিপরীতে শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে প্রস্তাবটি অনুমোদনের জন্য আবেদন করেছিল কোম্পানিটি। তবে সেই আবেদন বাতিল করে দিয়েছে বিএসইসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বছরের ১১ নভেম্বর ডিএসই জানায়, ‘ড্যাফোডিল ফ্যামিলি কনসার্ন’ থেকে নেওয়া ঋণকে শেয়ারে রূপান্তর করতে চায় ড্যাফোডিল কম্পিউটার্সের পরিচালনা পর্ষদ। এজন্য তারা ১৫ টাকা মূল্যে ৩ কোটি ২৬ লাখ ৯০ হাজার শেয়ার ইস্যু করতে চায়। যার মূল্য হবে ৪৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা।
এই শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটিতে ‘ড্যাফোডিল ফ্যামিলি কনসার্ন’-এর ঋণ থাকবে না বলে জানানো হয় তখন। ঋণের অর্থের বিনিময়ে কোম্পানিটি ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার পাওয়ার কথা ছিল। এক্ষেত্রে তারা ১৫ টাকা মূল্যে শেয়ার দিতে চাইলেও ড্যাফোডিল কম্পিউটার্সের প্রতিটি শেয়ারের বাজারদর রয়েছে ১৪২ টাকা ৫০ পয়সা।
তবে গত ২১ মে বিএসইসি এক চিঠির মাধ্যমে ড্যাফোডিল কম্পিউটার্সের এই শেয়ার ইস্যুর আবেদন বাতিল করে দিয়েছে।
উল্লেখ্য, এর আগে ড্যাফোডিল কম্পিউটার্স সহযোগী প্রতিষ্ঠান ড্যাফোডিল ফ্যামিলি থেকে নেওয়া ৪৬ কোটি ৭০ লাখ টাকার ঋণকে প্রতিটি ১০ টাকা মূল্যে ৪ কোটি ৬৭ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বৃদ্ধি বা ঋণকে ইক্যুইটিতে রূপান্তরের আবেদন করেছিল। যা বিএসইসি গত বছরের ৭ আগস্ট নামঞ্জুর করে দেয়।