ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক
ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির সম্প্রসারণ প্রকল্পে অর্থায়নের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এ অর্থায়নে ব্যাংকটি ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট এবং অংশগ্রহণকারী ঋণদাতা হিসেবে দায়িত্ব পালন করেছে।
মঙ্গলবার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিটি ব্যাংক।
সিন্ডিকেটেড ঋণ ব্যবস্থায় অংশগ্রহণকারী ঋণদাতা হিসেবে রয়েছে ঢাকা ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক। এছাড়া বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) প্রকল্পটির জন্য মেয়াদি ঋণ অনুমোদন করেছে।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ সিন্ডিকেটেড টার্ম লোনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশিদ, বিআইএফএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আনিসুজ্জামান এবং ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান আসিফ মঈনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাসরুর আরেফিন বলেন, সিন্ডিকেটেড ঋণ দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা স্বনামধন্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য পুঁজি সংগ্রহের একটি কার্যকর মাধ্যম। এই অর্থায়নের মাধ্যমে ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজকে সহায়তা করতে পেরে সিটি ব্যাংক গর্বিত।
ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান আসিফ মঈন বলেন, সম্প্রসারণ প্রকল্পের কাজ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে। ২০২৭ সালের প্রথম প্রান্তিকে প্রকল্পটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ার আশা করা হচ্ছে। এর ফলে দেশের বস্ত্র ও পোশাক শিল্পের ক্রমবর্ধমান চাহিদা পূরণে প্রতিষ্ঠানটির সক্ষমতা আরও বাড়বে।
জানা গেছে, সিন্ডিকেটেড ঋণের অর্থ কোম্পানির চলমান সম্প্রসারণ প্রকল্পে বিনিয়োগ করা হবে। প্রকল্প বাস্তবায়ন হলে ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের উৎপাদন সক্ষমতায় নতুন করে ২৮ হাজার ৫০০ স্পিন্ডল যুক্ত হবে।