অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন নূর মোহাম্মদ। ব্যাংকের অতীত সুনাম ও গৌরব ফিরিয়ে আনতে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
আজ সোমবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে দায়িত্ব গ্রহণের পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, বিভিন্ন বিভাগের উপমহাব্যবস্থাপকসহ কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় নূর মোহাম্মদ বলেছেন, ৯৭৯টি শাখা ও প্রায় ১১ হাজার কর্মকর্তা-কর্মচারীর অগ্রণী ব্যাংকের বিপুল সম্ভাবনা রয়েছে। সবাই একটি দল হিসেবে কাজ করলে ব্যাংকের অতীত সুনাম ও গৌরব পুনরুদ্ধার করা সম্ভব। এ লক্ষ্য অর্জনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আধুনিক ব্যাংকিংয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যপ্রযুক্তির উন্নয়ন, গ্রাহকসেবার মান বৃদ্ধি, খেলাপি ঋণ আদায় এবং বাণিজ্যিক ব্যাংক হিসেবে ব্যবসার প্রসারকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান নতুন এমডি।
অগ্রণী ব্যাংকে যোগদানের আগে নূর মোহাম্মদ যমুনা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে জ্যেষ্ঠ নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট ব্যবসা বিভাগের প্রধান এবং ওয়ান ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৮ সালে ইস্টার্ন ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং কর্মজীবন শুরু হয়।
ব্যাংক ও আর্থিক খাতে ২৮ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন নূর মোহাম্মদের করপোরেট ও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) ব্যাংকিং, প্রকল্প অর্থায়ন, কাঠামোবদ্ধ অর্থায়ন, ঋণঝুঁকি ব্যবস্থাপনা ও অনাদায়ি ঋণ আদায়ে অভিজ্ঞতা রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে একই বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন।