ঢাকায় রিয়াদ এয়ারের যাত্রা শুরু
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে সৌদি আরবের নতুন এয়ারলাইন রিয়াদ এয়ার। ঢাকা-রিয়াদ রুটে গতকাল শনিবার সকালে উদ্বোধনী ফ্লাইট অবতরণের মধ্য দিয়ে বাংলাদেশে তাদের যাত্রা শুরু হয়। ৭ আগস্ট রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্বোধনী ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।
নতুন এ রুটে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা করবে রিয়াদ এয়ার। এর মাধ্যমে গত ১০ জুন ২০২৬ কার্যক্রম শুরুর পর মাত্র আট সপ্তাহের মধ্যে এয়ারলাইনটির নবম আনুষ্ঠানিক অপারেটিং রুট যুক্ত হলো।
ঢাকা-রিয়াদ রুটে অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ব্যবহার করা হবে। যাত্রীদের জন্য এতে থাকবে প্রিমিয়াম সিটিং, আধুনিক ইন-ফ্লাইট বিনোদন ব্যবস্থা এবং সৌদি আতিথেয়তার বিশেষ অভিজ্ঞতা।
আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)–এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ-সৌদি আরব রুটটি মধ্যপ্রাচ্যের দেশভিত্তিক যাত্রীবাহী বাজারের মধ্যে নবম বৃহত্তম ছিল। ক্রমবর্ধমান যাত্রী চাহিদার প্রেক্ষাপটে নতুন এ রুট দুই দেশের ব্যবসা, পর্যটন ও মানুষের পারস্পরিক যোগাযোগ আরও বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যিক, বিনিয়োগ, ধর্মীয় পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। জ্বালানি, লজিস্টিকস, কৃষি, প্রযুক্তি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধিতেও সরাসরি এ বিমান যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল এভিয়েশন বাজারগুলোর অন্যতম ঢাকা। আন্তর্জাতিক বাণিজ্য, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় বাংলাদেশ থেকে সৌদি আরবে ব্যবসা, পর্যটন, ওমরাহ ও হজ পালনের জন্য নিয়মিত যাতায়াত রয়েছে। নতুন সরাসরি ফ্লাইট চালুর ফলে দুই দেশের যাত্রীদের ভ্রমণ আরও সহজ হবে।
রিয়াদ এয়ারের নেটওয়ার্ক ব্যবহার করে ঢাকার যাত্রীরা মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন গন্তব্যে সংযোগকারী ফ্লাইটের সুবিধাও পাবেন। একইভাবে সৌদি আরবের যাত্রীরা সরাসরি ঢাকায় আসার সুযোগ পাবেন।
রিয়াদ এয়ার জানিয়েছে, টিকিট তাদের অ্যাপ ও ওয়েবসাইটের পাশাপাশি অনুমোদিত ট্রাভেল এজেন্ট ও ট্রাভেল প্ল্যাটফর্মের মাধ্যমে বুক করা যাবে। এ ছাড়া এয়ারলাইনটির লয়্যালটি প্রোগ্রাম ‘স্ফিয়ার’-এর ‘ফাউন্ডিং মেম্বার’ হিসেবে নিবন্ধিত যাত্রীরা বিশেষ অফার, ফ্লাইটে বিনা মূল্যে ওয়াই-ফাই এবং বিভিন্ন রিওয়ার্ড ও সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।
ঢাকা-রিয়াদে দৈনিক সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে আকাশপথের যোগাযোগ আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি রিয়াদ এয়ারের দক্ষিণ এশিয়ার নেটওয়ার্ক সম্প্রসারণও ত্বরান্বিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।