সৌর বিদ্যুৎ খাতে শুল্ক-কর ছাড় বাড়ালো এনবিআর

দেশে সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে বড় ধরনের শুল্ক-কর ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্তের ফলে এসব উপকরণ আমদানিতে মোট করভার ১৭ শতাংশ থেকে কমে মাত্র ১ শতাংশে নেমে এসেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এনবিআর জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। নতুন এ সুবিধা ১৮০ দিন পর্যন্ত কার্যকর থাকবে।

এনবিআর জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে গত ৮ জুন জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নবায়নযোগ্য ও টেকসই জ্বালানির গুরুত্বপূর্ণ উৎস সৌর বিদ্যুৎ খাতের বিভিন্ন উপকরণ আমদানিতে আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে তখন এসব উপকরণ আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর এবং ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট করভার ছিল ১৭ শতাংশ।

বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির মধ্যে দেশে সৌর বিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে এবার এ সুবিধা আরও বাড়ানো হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

বিশ্ববাজারে কমল তেলের দাম

রাজস্ব ভবনে বহিরাগত ঠেকাতে নতুন নির্দেশনা

৮ অক্টোবর থেকে ইলিশ আহরণ-কেনাবেচা বন্ধ

নতুন সুবিধার আওতায় সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস শুল্ক এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এসব উপকরণ আমদানিতে মোট করভার দাঁড়াবে মাত্র ১ শতাংশ।

এনবিআর আরও জানিয়েছে, আগে বাণিজ্যিক আমদানিকারকদের মাধ্যমে সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য ছিল না। নতুন সিদ্ধান্তের ফলে নির্দিষ্ট শর্তে বাণিজ্যিক আমদানিকারকরাও এ সুবিধার আওতায় আসবেন।

অর্থাৎ, সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট উপকরণ আমদানির ক্ষেত্রে বাণিজ্যিক আমদানিকারকরাও ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস শুল্ক এবং নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি পাবেন।

এনবিআরের মতে, শুল্ক-কর সুবিধা বাড়ানোর ফলে সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যয় কমবে। পাশাপাশি দেশে নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়ানোর সুযোগ তৈরি হবে। সৌর বিদ্যুতের ব্যবহার বাড়লে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতাও কমবে।

এর মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি টেকসই অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে বলে আশা করছে এনবিআর।

[atn_photocard]
আরো