তুরস্ক-ডিবিএলের ৩০ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ
মৌলভীবাজারে বড় আকারে একটি ডেনিম কারখানা স্থাপনে যৌথভাবে ৩০ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং ও বাংলাদেশের ডিবিএল গ্রুপ। এ উদ্যোগের মাধ্যমে দেশের পোশাকশিল্পের কাঁচামাল উৎপাদন খাতে আন্তর্জাতিক বস্ত্র উৎপাদন প্রযুক্তির সংযোজন ঘটবে বলে আশা করা হচ্ছে।
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে স্থাপিতব্য রপ্তানিমুখী এ কারখানায় সুতা উৎপাদনের সমন্বিত ইউনিটও থাকবে। কারখানাটিতে প্রতি মাসে প্রায় এক কোটি মিটার ডেনিম কাপড় উৎপাদন হবে এবং প্রায় ৪ হাজার ৪০০ মানুষের সরাসরি কর্মসংস্থান সৃষ্টি হবে।
ডেনিম শিল্পে যন্ত্রপাতি, প্রযুক্তি, দক্ষ জনবল ও উৎপাদন দক্ষতা বাড়াতে বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন হয়।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠকে সানকো হোল্ডিংয়ের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকওলু ও পরিচালনা পর্ষদের সদস্য হাকান কোনুকওলুর নেতৃত্বাধীন প্রতিনিধিদল এ বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এ সময় ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বারও উপস্থিত ছিলেন।
এম এ জব্বার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, ২০২৮ সালের প্রথম প্রান্তিকে কারখানাটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে। শিগগিরই নির্মাণকাজ শুরু হবে। তুরস্কের অংশীদার প্রতিষ্ঠান উৎপাদন প্রযুক্তি ও কারিগরি দক্ষতা দিয়ে সহায়তা করবে।
তিনি জানান, প্রস্তাবিত যৌথ উদ্যোগে সানকোর মালিক পরিবারের শেয়ারধারীদের অংশীদারত্ব থাকবে ৪৯ শতাংশ এবং বাকি ৫১ শতাংশ থাকবে ডিবিএল গ্রুপের হাতে।
জব্বার আরও জানান, বিদেশি অংশীদার থাকলেও কারখানাটিতে কর্মসংস্থানের সুযোগ পাবেন মূলত বাংলাদেশি শ্রমিকেরাই।
তিনি বলেন, “সানকোর মান বজায় রাখতে আমরা প্রায় ৩০০ বাংলাদেশি কর্মীকে প্রশিক্ষণের জন্য তুরস্কে পাঠাব। একই সঙ্গে সানকোর কয়েকজন উচ্চদক্ষ পেশাজীবী বাংলাদেশের কারখানায় কাজ করবেন।”
তুরস্কের প্রযুক্তি, ডিবিএলের উৎপাদন অবকাঠামো
সানকোর ডেনিম বিভাগ ইসকোর (আইএসকেও) মাধ্যমে কারখানাটি স্থাপন করা হবে। সমন্বিত সুতা উৎপাদন ইউনিট থাকায় একই কারখানায় সুতা ও কাপড় উৎপাদন করা সম্ভব হবে।
ইসকোর বার্ষিক ডেনিম উৎপাদন সক্ষমতা প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিটার। প্রতিষ্ঠানটি ৬০টির বেশি দেশের ক্রেতাদের ডেনিম সরবরাহ করে।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্প যখন ব্যাকওয়ার্ড-লিংকেজ শিল্পকে শক্তিশালী করা, পণ্যের মান উন্নয়ন এবং আমদানি করা বস্ত্র উপকরণের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে, তখনই এ বিনিয়োগ আসছে। আন্তর্জাতিক উৎপাদনকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় বড় আকারের এ ডেনিম কারখানা স্থানীয় রপ্তানিকারকদের দেশীয় উৎস থেকে কাঁচামাল সংগ্রহের সুযোগ বাড়াতে পারে। পাশাপাশি উচ্চমূল্যের পোশাক উৎপাদনের দিকে এগিয়ে যেতেও সহায়ক হতে পারে।
এ প্রকল্পের মাধ্যমে তুরস্কের শিল্পগোষ্ঠীটি বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করবে। অন্যদিকে তুরস্কের প্রতিষ্ঠানটির সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ডিবিএল তার উৎপাদন সক্ষমতা বাড়াতে পারবে।
২০২৫ সাল থেকে সানকো হোল্ডিং ইনভেস্ট বাংলাদেশের ১৩০ কোটি ডলারের প্রস্তাবিত বিনিয়োগ পরিকল্পনার অংশ হয়ে আছে।
১৯০৪ সালে প্রতিষ্ঠিত তুরস্কের প্রতিষ্ঠানটি বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থায়ন খাতে ব্যবসা পরিচালনা করছে।
ডিবিএল গ্রুপ ১৯৯১ সালে দুলাল ব্রাদার্স লিমিটেড নামে যাত্রা শুরু করে। তৈরি পোশাক উৎপাদনের মাধ্যমে কার্যক্রম শুরু করলেও ধীরে ধীরে সুতা উৎপাদন, নিটিং, ডাইং, ফিনিশিং, ওয়াশিং, প্রিন্টিং, পোশাকের আনুষঙ্গিক উপকরণ ও প্যাকেজিং নিয়ে একটি সমন্বিত উৎপাদনব্যবস্থা গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের বিকাশের সঙ্গে ডিবিএলের প্রবৃদ্ধি ঘনিষ্ঠভাবে জড়িত। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক খুচরা বিক্রেতা ও বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলোকে পোশাক সরবরাহ করে। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), জার্মানির ডিইজি ও সুইডেনের সুইডফান্ড প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক অর্থায়ন সহযোগীদের মধ্যে রয়েছে।
ডিবিএলের ২০২৪ সালের টেকসই উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী, গ্রুপটির মোট জনবল ছিল ৪১ হাজার ৭২৩ জন। তাদের মধ্যে ৩৫ হাজার ১৬২ জন শ্রমিক এবং ৬ হাজার ৫৬১ জন ব্যবস্থাপনা পর্যায়ের কর্মী।