মেয়াদ শেষে টাকা মিলছে না: পপুলার লাইফের প্রতারণায় পথে বসছেন গ্রাহকরা
বীমা খাতে আস্থার প্রতীক হিসেবে পরিচিত পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে ভয়াবহ প্রতারণার অভিযোগ তুলেছেন শত শত গ্রাহক। নির্ধারিত মেয়াদ শেষে বীমার টাকা ফেরত না পেয়ে অনেক গ্রাহক আজ সর্বস্বান্ত হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের সঞ্চয়ের অর্থ ফেরত না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, মাসের পর মাস নিয়মিত কিস্তি পরিশোধ করার পর বীমার মেয়াদ পূর্ণ হলেও কোম্পানির পক্ষ থেকে টাকা প্রদান করা হচ্ছে না। কেউ কেউ একাধিকবার শাখা অফিসে গিয়ে আশ্বাস ছাড়া কিছুই পাননি। আবার অনেক গ্রাহককে বলা হচ্ছে, “ফাইল প্রক্রিয়াধীন” অথবা “পরবর্তীতে যোগাযোগ করুন”।
চাঁদপুর সার্ভিসের সেলে এ কয়েকজন গ্রাহক,১) রিপন সরকার — পলিসি নং: ০২৬৭০০০০৯৫-৭ ২) রহিমা বেগম — পলিসি নং: ০২২৮০০১৭২৯-৩ ৩) আজিজ খান — পলিসি নং: ০২৬৭০০০৬৭৫-২ ।
উক্ত গ্রাহকদের পলিসির মেয়াদ শেষ হওয়ার পর দলিল জমা দেওয়া হয়েছে। এর মধ্যে রহিমা বেগমের মেয়াদোত্তীর্ণ দলিল দেড় বছর পূর্বে জমা দেওয়া হয়। এছাড়া আজিজ খান ও রিপন সরকারের দলিল এক বছর পূর্বে জমা দেওয়া হয়।
চেকের বিষয়ে জানতে সার্ভিস সেলে যোগাযোগ করা হলে সার্ভিস সেন্টারের ইনচার্জ জানান যে, “উপরে যোগাযোগ করুন। আমাদের কাছে কোনো চেক আসেনি।”
এ বিষয়ে জানার জন্য কোম্পানির সেক্রেটারিকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে কোম্পানির পাবলিক রিলেশন অফিসারকে ফোন দেওয়া হলেও তিনিও ফোন ধরেননি বা রিসিভ করেননি।
একই অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার গ্রাহকরা। অনেকেই জানিয়েছেন, বীমার টাকা না পেয়ে চিকিৎসা, পড়াশোনা ও ব্যবসায় মারাত্মক সংকটে পড়েছেন তারা। কেউ কেউ বাড়ি-জমি বিক্রি করে কিস্তি দিয়েছেন, এখন সেই অর্থ ফেরত না পেয়ে পথে বসার উপক্রম।
ভুক্তভোগীদের অভিযোগ, কোম্পানির কিছু কর্মকর্তার গাফিলতি ও অনিয়মের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। অভিযোগ রয়েছে, কোম্পানির অভ্যন্তরীণ দুর্নীতি ও আর্থিক সংকটের দায় গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
এ বিষয়ে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের স্থানীয় শাখা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা স্পষ্ট কোনো বক্তব্য দিতে রাজি হননি। শুধু বলা হয়েছে, “কোম্পানি চেষ্টা করছে পরিস্থিতি সামাল দিতে।”
এদিকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত ও গ্রাহকদের পাওনা টাকা পরিশোধের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্রুত সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলন ও আইনি পদক্ষেপে যেতে বাধ্য হবেন।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ঘটনা বীমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে। দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বীমা খাত বড় সংকটে পড়তে পারে।