বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে BTSB’র আহ্বান: সবার জন্য সমতাভিত্তিক চিকিৎসা নিশ্চিতের তাগিদ
আগামী ১৭ এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০২৬ উপলক্ষে ব্লাড ট্রান্সফিউশন সোসাইটি অব বাংলাদেশ (BTSB) দেশের সকল হিমোফিলিয়া রোগীর জন্য উন্নত, নিরাপদ ও সমতাভিত্তিক চিকিৎসা নিশ্চিত করার আহ্বান পুনর্ব্যক্ত করেছে।
সংগঠনটি জানিয়েছে, দেশে বর্তমানে ক্লটিং ফ্যাক্টর (ফ্যাক্টর VIII ও IX)-এর সীমিত প্রাপ্যতা এবং উচ্চ ব্যয়ের কারণে অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এ প্রেক্ষাপটে BTSB একটি সমন্বিত ও বাস্তবমুখী কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে।
BTSB’র মতে, ক্লটিং ফ্যাক্টরের প্রাপ্যতা বাড়াতে সরকারি ক্রয়, ভর্তুকি এবং অংশীদারিত্ব জোরদার করা জরুরি। পাশাপাশি এসব সেবা বিভাগীয় ও জেলা পর্যায়ের হাসপাতালে সম্প্রসারণ করতে হবে। যেখানে ক্লটিং ফ্যাক্টর সহজলভ্য নয়, সেখানে ট্রান্সফিউশন মেডিসিন সেবা শক্তিশালী করে Fresh Frozen Plasma (FFP) ও Cryoprecipitate-এর সময়মতো সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
সংগঠনটি আরও জানায়, ফ্যাক্টর, FFP ও Cryoprecipitate-এর নিরাপদ ও সঠিক ব্যবহারের জন্য জাতীয় মানসম্মত গাইডলাইন প্রণয়ন প্রয়োজন। একই সঙ্গে দ্রুত ও সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করতে ডে-কেয়ার ট্রান্সফিউশন সেবা চালু ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। নিরাপদ প্লাজমা পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতে স্বেচ্ছায় রক্তদান এবং এফেরেসিস পদ্ধতিতে প্লাজমা ডোনেশন উৎসাহিত করার কথাও বলা হয়েছে।
BTSB উল্লেখ করে, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ জোরদার করা গেলে হিমোফিলিয়ার জটিলতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
সংগঠনটির মতে, ক্লটিং ফ্যাক্টর কনসেন্ট্রেট হিমোফিলিয়ার সর্বোত্তম চিকিৎসা হলেও, বাংলাদেশের মতো সম্পদ-সীমিত প্রেক্ষাপটে FFP ও Cryoprecipitate কার্যকর সহায়ক ভূমিকা রাখতে পারে।
এ উপলক্ষে BTSB নীতিনির্ধারক, স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং উন্নয়ন সহযোগীদের প্রতি সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে, যাতে দেশে হিমোফিলিয়া চিকিৎসা আরও সহজলভ্য ও সবার জন্য নিশ্চিত করা যায়।