টেকসই পুঁজিবাজার উন্নয়নে ডিএসই-সুইসকন্ট্যাক্টের সমঝোতা স্মারক স্বাক্ষর
দেশের পুঁজিবাজারের মাধ্যমে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে রবিবার (১৭ মে ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি এবং সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, পারস্পরিক সমন্বয় ও সুস্পষ্ট পরিকল্পনার মাধ্যমে উদ্যোগটি দ্রুত বাস্তবায়ন সম্ভব হয়েছে, যা এসএমই খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, এসএমই প্রতিষ্ঠানগুলোর পুঁজিবাজারে অংশগ্রহণ বাড়াতে সক্ষমতা উন্নয়ন, কর্পোরেট গভর্ন্যান্স এবং কমপ্লায়েন্স বিষয়ে সহায়তা প্রয়োজন।
সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হোসেন বলেন, বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হলেও এসএমইগুলো অর্থায়ন, প্রতিযোগিতা সক্ষমতা ও কমপ্লায়েন্সে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তাই বিকল্প অর্থায়ন ও ইকুইটি ভিত্তিক মূলধন সংগ্রহের সুযোগ তৈরি করা জরুরি। তিনি আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্ব সম্ভাবনাময় এসএমই প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারমুখী করতে সহায়ক হবে।
সমঝোতা স্মারকের আওতায় তৈরি পোশাক (RMG), স্বাস্থ্যসেবা ও কৃষিসহ বিভিন্ন কৌশলগত খাতে কাজ করা হবে। পাশাপাশি পরিবেশ, সামাজিক ও সুশাসন (ESG), সাসটেইনেবিলিটি রিপোর্টিং, উদ্যোক্তা উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি, জলবায়ু সহনশীলতা, বাণিজ্য সহায়তা ও দক্ষতা উন্নয়নেও যৌথ কার্যক্রম পরিচালিত হবে।
এছাড়া যৌথভাবে সক্ষমতা উন্নয়ন কর্মসূচি, সচেতনতামূলক কর্মশালা, ইনকিউবেশন সহায়তা ও পরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে গ্রিন বন্ড, সাসটেইনেবিলিটি-লিংকড বন্ড, সুকুক এবং ব্লেন্ডেড ফাইন্যান্স মডেলসহ টেকসই অর্থায়ন পণ্য উন্নয়নেও সহযোগিতা করা হবে।