প্রশ্নফাঁসের অভিযোগে সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রককে ঢাকায় বদলি
নিজস্ব প্রতিবেদক: সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদকে বদলি করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) তাকে বদলি করে খাদ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য কর্মকর্তা এস এম কায়ছার আলী বদলির বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত একটি চিঠি পাওয়া গেছে।
চিঠিতে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাকে ২৬ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৭ অক্টোবর থেকে তাকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।
এর আগে গত ১৭ অক্টোবর দৈনিক কালবেলায় ‘প্রশ্নফাঁস চক্রে সরকারি চাকুরেরা, অপ্রতিরোধ্য চক্রের সদস্যরা’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে গড়ে ওঠা একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে একাধিক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সূত্র ধরে চক্রটির বিস্তৃত নেটওয়ার্কের তথ্য সামনে আসে। এতে প্রতিরক্ষা মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, খাদ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নাম উঠে আসে। এ ঘটনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সাতজনকে গ্রেপ্তার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রকাশিত প্রতিবেদনে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ জনের মধ্যে সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদের নামও উল্লেখ করা হয়। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, সংশ্লিষ্ট দপ্তরের প্রধান সহকারী কামরুল ইসলামের ভাষ্য অনুযায়ী, হারুন অর রশিদ সর্বশেষ ১৪ অক্টোবর অফিস করেন। এরপর দুই দিনের ছুটি নেন। প্রায় ১০ দিন পর গত ২৫ অক্টোবর তিনি কর্মস্থলে এসে বেলা ১১টা পর্যন্ত অফিস করেন। পরে এলএসডি গোডাউন পরিদর্শনে যাওয়ার কথা বলে কার্যালয় ত্যাগ করেন।
প্রশ্নফাঁসের অভিযোগের বিষয়ে হারুন অর রশিদের বক্তব্য জানা যায়নি।