সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইন শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক
সিটি গ্রুপভুক্ত পাঁচ প্রতিষ্ঠানকে নতুন করে ঋণ দিতে ব্যাংক-কম্পানি আইনে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে গ্রুপটির পাঁচ প্রতিষ্ঠানকে সিন্ডিকেটেড ঋণ সুবিধা দিতে ব্যাংকগুলোর জন্য বিদ্যমান আইনি বাধা দূর হয়েছে।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে সিটি গ্রুপভুক্ত পাঁচটি প্রতিষ্ঠানের অনুকূলে সিন্ডিকেটেড চলতি মূলধন ঋণ দেওয়ার ক্ষেত্রে ‘ব্যাংক-কম্পানি আইন, ১৯৯১’-এর ২৭কক (৩) ধারার বিধিনিষেধ থেকে বিশেষ অব্যাহতি প্রদান করা হয়েছে।
অব্যাহতি পাওয়া সিটি গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান হলো—সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি এডিবল ওয়েল লিমিটেড, সিটি ডাল মিলস লিমিটেড এবং শম্পা ফ্লাওয়ার মিলস লিমিটেড।
বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারে প্রতিষ্ঠানগুলোর জন্য অনুমোদিত মোট ঋণের পরিমাণ, অংশগ্রহণকারী ব্যাংকের সংখ্যা, ঋণের মেয়াদ কিংবা অব্যাহতির সুনির্দিষ্ট শর্তাবলী উল্লেখ করা হয়নি।
তবে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বড় অঙ্কের অর্থায়নের ক্ষেত্রে ঝুঁকি কমাতে একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যৌথভাবে সিন্ডিকেটেড ঋণ প্রদান করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের এই ছাড়ের ফলে সিটি গ্রুপভুক্ত ওই পাঁচ প্রতিষ্ঠানের জন্য বড় অঙ্কের চলতি মূলধন অর্থায়ন পাওয়ার প্রক্রিয়া আরো সহজ ও ত্বরান্বিত হলো।