ডাচ্-বাংলা ব্যাংকে ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

ডাচ্-বাংলা ব্যাংকের কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

ঢাকার শনিরআখড়ায় ডাচ্-বাংলা ব্যাংকের দনিয়া শাখার এক নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী নারগিস আক্তার।

বুধবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালতে তিনি মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, নারগিস আক্তার একজন নিরক্ষর গৃহিণী। জমি ও গাড়ি বিক্রি এবং বাড়ি ও দোকান ভাড়া থেকে সঞ্চিত ১ কোটি ১১ লাখ ৮৫ হাজার ৩১৯ টাকা তিনি ডাচ্-বাংলা ব্যাংকের দনিয়া শাখায় জমা রাখেন। নিরক্ষরতার সুযোগ নিয়ে ব্যাংক কর্মকর্তারা চেক ও বিভিন্ন কাগজে কৌশলে তার স্বাক্ষর নেন বলে অভিযোগ করেছেন তিনি।

অভিযোগ অনুযায়ী, গত ১৭ সেপ্টেম্বর ব্যাংকে ৫ লাখ টাকা তুলতে গেলে তার চেক বই থেকে একটি অতিরিক্ত চেক নেওয়া হয়। পরে ওই চেকে জাল স্বাক্ষর ও টাকার পরিমাণ বসিয়ে ২৩ সেপ্টেম্বর ৮৫ লাখ টাকা একটি প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়।

গত ৪ অক্টোবর ব্যাংকে গিয়ে হিসাবের অবশিষ্ট টাকা জানতে চাইলে তাকে জানানো হয়, অ্যাকাউন্টে মাত্র ৩ লাখ ৩৫ হাজার ২০৪ টাকা রয়েছে। পরে ৮৫ লাখ টাকা গ্লোবাল গোল্ডেন জুট অ্যান্ড ক্রাফট লিমিটেডের হিসাবে স্থানান্তরের তথ্য জানতে পারেন তিনি।

মামলায় ডাচ্-বাংলা ব্যাংকের দনিয়া শাখার কর্মকর্তা মোহিত মোরশেদ, সৌরভ সাহা, মো. রফিকুল ইসলাম ও মো. গোলাম কিবরিয়াসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে আসামিদের বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে অভিযোগের সত্যতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

[atn_photocard]
আরো