নতুন বিপাকে সালতা ক্যাপিটাল, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন চায় বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের ব্রোকারেজ হাউজ সালতা ক্যাপিটাল লিমিটেডের তিনটি সন্দেহজনক আর্থিক লেনদেনের তদন্ত শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গ্রাহকদের সমন্বিত হিসাব থেকে কয়েক কোটি টাকা অন্য প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর, সেই অর্থ দিয়ে ব্লক মার্কেটে রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার কেনা এবং পৃথক ব্যাংক হিসাব থেকে দেড় কোটি টাকা নগদে উত্তোলনের বিষয়গুলো খতিয়ে দেখবে নিয়ন্ত্রক সংস্থাটি।স্টক মার্কেট বিনিয়োগ
এসব লেনদেনের মাধ্যমে শেয়ারবাজারে কারসাজি কিংবা সিকিউরিটিজ আইন লঙ্ঘন হয়েছে কি না, তা অনুসন্ধানে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পাঠানো গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।মানচিত্র দেখুন
বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ সম্প্রতি এ-সংক্রান্ত আদেশ জারি করেছে। আদেশ অনুযায়ী, কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিএসইসির যুগ্ম পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও সহকারী পরিচালক রানা দাশ।
বিএসইসির আদেশে বলা হয়েছে, শেয়ারবাজারের সুষ্ঠু ও স্বচ্ছ কার্যক্রম নিশ্চিত করা এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বিএফআইইউর প্রতিবেদনে উল্লেখ করা বিষয়গুলো অনুসন্ধান ও তদন্ত করা প্রয়োজন। এ জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২১ ধারা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্তের প্রথম বিষয় হলো, ওয়ান ব্যাংক পিএলসিতে সালতা ক্যাপিটালের সমন্বিত গ্রাহক হিসাব (সিসিএ) থেকে কোভ ইনভেস্টমেন্ট লিমিটেডের হিসাবে কয়েক কোটি টাকা স্থানান্তরের ঘটনা। ওই অর্থ ব্যবহার করে এসআইটিএল সিকিউরিটিজ লিমিটেডের মাধ্যমে বেলাল আহমেদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে ব্লক মার্কেটে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কেনা হয়েছে কি না, তা যাচাই করবে কমিটি।স্টক মার্কেট বিনিয়োগ
দ্বিতীয়ত, ব্লক মার্কেটে এসব শেয়ার কেনাবেচার মাধ্যমে শেয়ারের দাম বা লেনদেন প্রভাবিত করে কোনো ধরনের কারসাজি করা হয়েছে কি না, তা অনুসন্ধান করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনে সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।স্টক মার্কেট বিনিয়োগ
তদন্তের তৃতীয় বিষয়টি হলো, ডাচ্-বাংলা ব্যাংকে সালতা ক্যাপিটালের সমন্বিত গ্রাহক হিসাব থেকে ১ কোটি ৫০ লাখ টাকা নগদে উত্তোলন। কী কারণে এবং কীভাবে এ অর্থ উত্তোলন করা হয়েছে, এর সঙ্গে বাজার কারসাজি বা আইন লঙ্ঘনের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা অনুসন্ধান করবে কমিটি।
এর আগে সালতা ক্যাপিটালের বিরুদ্ধে গ্রাহকদের অর্থ ও শেয়ার আত্মসাতের গুরুতর অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রায় ১৪ হাজার গ্রাহকের বিও হিসাবে থাকা ৪ কোটি ৩২ লাখ ১৬ হাজার ৬৪৩টি শেয়ার তাঁদের না জানিয়ে বিক্রি করে। এসব শেয়ার বিক্রির মাধ্যমে ৭২ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। পাশাপাশি গ্রাহকদের সমন্বিত হিসাব থেকে ২৭ কোটি ৬৯ লাখ টাকা অন্য হিসাবে সরিয়ে নেওয়ার অভিযোগও ওঠে। সব মিলিয়ে আত্মসাতের অভিযোগের পরিমাণ ১০০ কোটি ৫২ লাখ টাকা।
এ ছাড়া গ্রাহকদের নিবন্ধিত মুঠোফোন নম্বর পরিবর্তন, অনুমোদন ছাড়া ব্যাক-অফিস সফটওয়্যার ব্যবহার এবং ভুয়া হিসাব বিবরণী পাঠানোর অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
২০২৫ সালের ২৩ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিদর্শনে সালতা ক্যাপিটালের হিসাবে অর্থের ঘাটতি ধরা পড়ে। এর তিন দিন পর, ২৬ নভেম্বর বিএসইসি একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটি চলতি বছরের ২১ মে তদন্ত প্রতিবেদন জমা দেয়। তদন্ত চলাকালে বিএসইসির আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দ করা হয়।ঢাকা স্টক এক্সচেঞ্জ
এর ধারাবাহিকতায় সর্বশেষ গত ১৮ অক্টোবর ঢাকার সিএমএম আদালত-১২-তে সালতা ক্যাপিটালের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক (অর্থ), মহাব্যবস্থাপকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে বিএসইসি। মামলাটির নম্বর ১৭১২/২০২৬।
আগের তদন্ত ও মামলা চলমান থাকার মধ্যেই নতুন করে তিনটি সন্দেহজনক লেনদেনের অনুসন্ধান শুরু হওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম এবং গ্রাহকদের অর্থের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নতুন তদন্তে এসব লেনদেনের প্রকৃত উদ্দেশ্য ও আইন লঙ্ঘনের বিষয়টি স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।