বিডার ওয়ান স্টপ সার্ভিসে ১১ প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং ব্যবসা পরিচালনার পরিবেশ সহজ ও দ্রুততর করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সঙ্গে ১১টি প্রতিষ্ঠান সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।

সোমবার ঢাকার আগারগাঁওয়ে বিডার কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সভাপতিত্ব করেন নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মো. শাহারুল হুদা।

সমঝোতা স্মারক স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চারটি ব্যাংক—রূপালী ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক—এবং সাতটি সিটি কর্পোরেশন—রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ।

এ সম্পর্কিত আরো সংবাদ

সৌর বিদ্যুৎ খাতে শুল্ক-কর ছাড় বাড়ালো এনবিআর

MoU-এর মাধ্যমে এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব সিস্টেম ওয়ান স্টপ সার্ভিসের সঙ্গে সংযুক্ত করবে, যাতে বিনিয়োগকারীরা অনলাইনের মাধ্যমে দ্রুত ব্যাংক হিসাব খোলা, ট্রেড লাইসেন্স গ্রহণ ও অন্যান্য বিনিয়োগ সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন।

প্রধান অতিথি আশিক মাহমুদ বিন হারুন বলেন, “আমাদের লক্ষ্য একক ওয়েবসাইট থেকে ক্ষুদ্র উদ্যোক্তা থেকে বড় শিল্পগোষ্ঠী সবাই প্রয়োজনীয় সরকারি সেবা সহজে পাবে। একই তথ্য বারবার জমা দেওয়ার প্রথা বন্ধ করতে চাই।” তিনি জানান, সেবার মান ও কার্যকারিতা বাড়াতে অংশীদার প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ।

বিডা ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে অনলাইন ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে। ইতোমধ্যে ৫২টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং বর্তমানে ৪৭টি সংস্থার ১৪২টি সেবা এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রমের উপস্থাপনা করেন মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপপরিচালক আবু মোহাম্মদ নুরুল হায়াত টুটুল।

[atn_photocard]
আরো